টোল আদায়ের সময় হাতাহাতি, দৌড়ে পালাতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু

হৃদয় মোল্লা
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গতকাল সোমবার গভীর রাতে সিটি টোল আদায়ের সময় ট্রাকচালকদের সঙ্গে হাতাহাতির পর দৌড়ে পালাতে গিয়ে গাড়ির চাপায় গুরুতর আহত হন এক তরুণ। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর নাম হৃদয় মোল্লা ওরফে বাদশা (২০)।

ঢাকার সিটি করপোরেশন এলাকায় পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, কাভার্ড ভ্যান, পিকআপ ভ্যান, লেগুনাকে চলাচলের ক্ষেত্রে দিতে হয় সিটি টোল।

পুলিশ জানায়, হৃদয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে টোল আদায় করতেন। টোলের অতিরিক্ত টাকা তোলায় কয়েকজন চালকের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। পরে তিনি দৌড়ে পালানোর সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়।

পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস প্রথম আলোকে বলেন, সিটি টোল আদায়কে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল। ওই তরুণ দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় একটি গাড়ির নিচে চাপা পড়েন।

নিহত হৃদয় মোল্লার ভাই লিয়ন মোল্লা ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে তাঁর ভাইয়ের লাশ শনাক্ত করেন। তিনি প্রথম আলোকে বলেন, হৃদয় মোল্লা পলাশ নামের এক ব্যক্তির হয়ে টোল আদায়ের কাজ করতেন। তবে পলাশ সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি দিতে পারেননি। তাঁদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে। থাকতেন যাত্রাবাড়ীর কাজলা এলাকায়।