রাজধানীর চাঁনখারপুলে বিএনপির মিছিল থেকে হামলা, ৩ পুলিশ আহত

বিএনপির তিন দিনের অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর চাঁনখারপুল এলাকায় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আহত তিন পুলিশ সদস্য হলেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম (৪৩), পরিদর্শক (অপারেশন) জাকির হোসেন (৪১) এবং এসআই শুভংকর রায় (৩৮)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপির মিছিল থেকে নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করেছেন। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চকবাজার থানার তিন পুলিশ সদস্য বেলা আড়াইটার দিকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এদিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় আজ দুপুরে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছে বনানী থানার পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।