৩৫তম জাতীয় কবিতা উৎসব ১-২ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় উৎসব দপ্তরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় কবিতা পরিষদ
ছবি: শুভ্র কান্তি দাশ

করোনা পরিস্থিতির কারণে দুই বছর বন্ধ থাকার পর আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম জাতীয় কবিতা উৎসব। জাতীয় কবিতা পরিষদের এ আয়োজনে এবারের স্লোগান—‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’। ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের কবিরা এবারের উৎসবে অংশ নেবেন। উৎসবে জাতীয় কবিতা পরিষদ পুরস্কারপ্রাপ্ত কবির নাম ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় উৎসব দপ্তরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় কবিতা পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের শীর্ষ নেতারা জানান, বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারসংলগ্ন চত্বরে (হাকিম চত্বর) এবারের জাতীয় কবিতা উৎসবের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত। এতে বলা হয়, ‘ঐতিহ্যের ধারাবাহিকতায় ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারসংলগ্ন চত্বরে ৩৫তম জাতীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া জাতীয় কবিতা উৎসব ও জাতীয় কবিতা পরিষদের নিরন্তর সংগ্রামের ইতিহাস কারও অজানা নয়।

আমরা অব্যাহতভাবে স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, যুদ্ধাপরাধের বিচার ও বঙ্গবন্ধুর হত্যাকারী ব্যক্তিদের বিচারের কথা বলে এসেছি। কবিদের দ্রোহের স্ফুলিঙ্গ থেকে জন্ম নিয়ে এ উৎসব জাতীয় থেকে আন্তর্জাতিক উৎসবে রূপ নিয়েছে। বাংলাদেশের কবিরা চিরকালই প্রগতির পক্ষে অবস্থান নিয়েছেন। প্রায় সাড়ে তিন দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশ ও ভাষার সংগ্রামী কবিরা এ উৎসবে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের মুক্তির কথা বলেছেন। এ উৎসবকে আমরা কবিতার মিলনমেলায় পরিণত করতে পেরেছি।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, সেই সময় আমরা ২০২০–২১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করেছি। ২০২১ সালে পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ বছর আমাদের কবিতা উৎসবের মর্মবাণী: বাংলার স্বাধীনতা আমার কবিতা। দুই দিনব্যাপী এ উৎসবে কবিতাপাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীতের মধ্য দিয়ে আমরা এ স্লোগানকে মূর্ত করে তুলব। এবারও বিভিন্ন দেশ ও ভাষার কবিদের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন ভাষার বেশ কয়েকজন বরেণ্য কবি তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।’

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারিক সুজাত বলেন, ‘এবার আমরা ইউরোপের দিকে যাইনি। দক্ষিণ এশিয়ার ভারত ও নেপালের কবিদের আমন্ত্রণ জানানো হয়েছে। মালদ্বীপের একজন কবিকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবার আমরা আসলে বেশি ভাষার ওপর জোর দিয়েছি। ভারতের নানা ভাষার কবিরা এবার আসবেন।’

‘সবকিছু আ.লীগ বানানোর দরকার নেই’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ। জাতীয় কবিতা উৎসবের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। মুহাম্মদ সামাদ বলেন, ‘আজকের প্রজন্মের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় যে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবিতা উৎস হয়েছে। আমরা পথে পথে মানুষের কাছে সহযোগিতা পেয়েছি। সাংবাদিক, সাহিত্যিক, লেখক, প্রকাশক সবাই যে যা পেরেছেন, আমাদের সহযোগিতা করেছেন। টিএসসির সড়কদ্বীপে আমরা মঞ্চ করেছিলাম। সেই উৎসব রোকেয়া হল ও শামসুন নাহার হল ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত ছিল। এর প্রধান কারণ ছিল সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, দেশকে সামরিক স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে নেওয়া। তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের কবিতা, বাঙালির জীবনধারা ও আবহমান বাংলার সংস্কৃতি—সবকিছু তছনছ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।... তখন স্বৈরাচারবিরোধী আন্দোলন অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। সেই স্তিমিত আন্দোলনে একটা গতি সঞ্চার করে জাতীয় কবিতা পরিষদ। জাতীয় কবিতা উৎসবকে আমরা একটা পরম্পরায় বহন করে নিয়ে যাচ্ছি।

মুহাম্মদ সামাদ আরও বলেন, ‘এই উৎসবের জন্য আমরা সরকার থেকে অর্থকরী নিইনি, আমাদের কোনো কার্যালয় নেই। আমরা কোনো রাজনৈতিক নেতাকে আমাদের মঞ্চে ওঠাইনি, তাঁদের সামনে বসিয়েছি। আপাসহ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) রাজনৈতিক নেতাদের মঞ্চে ওঠাইনি। কবিতা উৎসবের রজতজয়ন্তীতে জাতিসংঘ থেকে ফেরার সময় প্লেনে বসে আমি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বললাম, ‘আপা, আপনি কি যাবেন আমাদের উৎসব উদ্বোধন করতে?’ আপা বললেন, ‘না, সবকিছু আওয়ামী লীগ বানানোর দরকার নেই।’ প্রথম কি দ্বিতীয় উৎসবের পর যখন তিনি (শেখ হাসিনা) বিরোধীদলীয় নেত্রী, আমরা তাঁর বাসায় গেলাম। সেই গভীর রাতে তিনি আমাদের খাইয়েছেন। কাজেই তাঁর অনুপ্রেরণা আমাদের জন্য খুবই বড়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এবারের জাতীয় কবিতা উৎসবের আহ্বায়ক শিহাব সরকার, জাতীয় কবিতা পরিষদের নেতা আমিনুর রহমান সুলতান, আসলাম সানী, নাসির আহমেদ, কাজল বন্দ্যোপাধ্যায় প্রমুখ বক্তব্য দেন।