কমপ্লেক্সের জায়গা ইজারা নিয়ে বেশি দামে সদস্যদের কাছে ভাড়া দিচ্ছে কুরিয়ার সার্ভিসগুলোর সংগঠন আইএইএবি।
২০১৩ সালের মে মাসে আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর সরাসরি ভাড়া দেওয়া বন্ধ হয়ে যায়।
২০১৭ সালের মার্চে বেবিচকের সঙ্গে ইজারাসংক্রান্ত চুক্তি করে আইএইএবি।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সের জায়গা ইজারা নিয়ে ‘ব্যবসা’ করছে কুরিয়ার সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএইএবি)। সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে ইাজারামূল্যের দ্বিগুণের বেশি টাকা কমপ্লেক্সের জায়গার ভাড়া নিচ্ছে তারা। এ নিয়ে সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে একটি কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, অ্যাসোসিয়েশনের মূল কাজ হওয়া উচিত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোর সুবিধা নিশ্চিত করা। কিন্তু তা না করে অ্যাসোসিয়েশন সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভাড়ার নামে ব্যবসা করতে চাইছে।
বিমানবন্দর ব্যবহার করে দেশ-বিদেশে কুরিয়ার সার্ভিস পরিচালনা করতে আইএইএবির সদস্য হতে হয়। অ্যাসোসিয়েশনটির ওয়েবসাইটের তথ্য বলছে, তাদের বর্তমান সদস্য প্রতিষ্ঠান ৮৩টি। এসব প্রতিষ্ঠান বিমানবন্দরের আমদানি কার্গো ভবন থেকে ব্যবসা পরিচালনা করে। কার্গো কমপ্লেক্সের ভেতরে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কার্যালয় রয়েছে।
২০১৩ সাল পর্যন্ত এসব জায়গা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে সরাসরি ভাড়া নিত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো। ওই বছরের মে মাসে আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর সরাসরি ভাড়া দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর মধ্যস্থতাকারী হিসেবে হাজির হয় আইএইএবি। তারা আমদানি কার্গো কমপ্লেক্সের জায়গা (প্রায় ২১ হাজার ৬০৫ বর্গফুট) ইজারা নিয়ে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে ভাড়া দেওয়ার উদ্যোগ নেয়।
ইজারাসংক্রান্ত নথির তথ্য বলছে, ২০১৭ সালের আগপর্যন্ত বেবিচকের সঙ্গে আইএইএবির চুক্তি ছিল না। ওই বছরের ৬ মার্চ বেবিচকের সঙ্গে ইজারাসংক্রান্ত চুক্তি করে তারা। চুক্তিতে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইজারামূল্য নির্ধারণ করা হয়। সে অনুযায়ী আমাদানি কার্গো ভবনের ভেতরে ১২ হাজার ৪৫৫ দশমিক ২৫ বর্গফুট জায়গার প্রতি বর্গফুটের মাসিক ভাড়া ২০১৪ সালে ১২০ টাকা, ২০১৫ সালে ১৩২ টাকা, ২০১৬ সালে ১৪৫ টাকা ২০ পয়সা এবং ২০১৭ সালের জন্য ১৫৯ টাকা ৭২ পয়সা নির্ধারণ করা হয়।
আইএইএবির একাধিক সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ইজারামূল্যের সঙ্গে ১০ শতাংশ যোগ করে তাদের ভাড়া দেওয়ার কথা ছিল। কিন্তু ভাড়ার হার বেশি হওয়ায় অনেকেই আপত্তি জানায়। তখন আইএইএবির পক্ষ থেকে বলা হয়েছিল, ভাড়ার হার কমানো হবে। তবে তার আগপর্যন্ত ভাড়া দিন, পরবর্তী চুক্তির সঙ্গে ওই ভাড়া সমন্বয় করা হবে।
গত ১৪ জুন আইএইএবি ও বেবিচকের মধ্যে নতুন (সংশোধিত) চুক্তি হয়েছে। এর মাধ্যমে ২০১৬ সালের চুক্তি বতিল করা হয়েছে এবং ভাড়ার সংশোধিত হার নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ২০১৭ সালের জন্য প্রতি বর্গফুটের ভাড়া ৬০ টাকা, ২০১৮ সালের জন্য ৬৬ টাকা ও ২০১৯ সালের (জুন পর্যন্ত) ৭২ টাকা নির্ধারণ করা হয়।
তবে আইএইএবি ২০১৭ সালের জন্য ভাড়া চাইছে ১৪০ টাকা, ২০১৮ সালের জন্য ১৫৪ টাকা ও ২০১৯ সালের জন্য ১৬৯ টাকা। ২০২০ থেকে ২০২২ সালের ভাড়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এভাবে দ্বিগুণের বেশি ভাড়া দাবি করাকে অনৈতিক বলছেন অ্যাসোসিয়েশনের একাধিক সদস্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
জানতে চাইলে আইএইএবির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অনুমোদন নিয়ে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। সদস্য হিসেবে তিনি নিজেও অ্যাসোসিয়েশনের নির্ধারিত হারে ভাড়া দেন।
বেবিচকের জায়গা ইজারা নিয়ে আইএইএবি ব্যবসা করতে পারে কি না—এমন প্রশ্নে বেবিচকের সদস্য (পরিচালন ও পরিকল্পনা) সাদিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, কারও কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে বেবিচকে অভিযোগ করার সুযোগ আছে। অভিযোগ পেলে সে অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।