
রাজধানীর উত্তরা এলাকা থেকে মো. মামুন ওরফে সুমন (৩৪) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উত্তরা পশ্চিম থানার আবদুল্লাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, সুমন একজন বাসচালক। বাস চাপা দিয়ে এক শ্রমিককে হত্যার মামলায় তিনি তিন বছরের দণ্ডিত আসামি তিনি। সেই সাজা থেকে বাঁচতে পলাতক ছিলেন ছয় বছর।
উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সুমন ২০১৪ সালে আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে চাপা দেন। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ২০১৭ সালে সেই মামলার রায়ে তাঁকে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, সুমন উত্তরা পশ্চিম থানার রানাভোলা বেড়িবাঁধ এলাকার আবদুল গফুরের ছেলে।