
রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করাসহ পাঁচ দাবি জানিয়েছেন গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতনের বাসিন্দারা।
আজ শুক্রবার বিকেলে গুলশান-২ চত্বরে অনুষ্ঠিত ‘গণজাগরণ সমাবেশ’ থেকে তাঁরা এ দাবি জানান। রাজধানীর গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটির উদ্যোগে এই সমাবেশ হয় বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শুধু লাইসেন্সপ্রাপ্ত ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমোদন; প্রধান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল সীমিত করা; ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত আইন প্রয়োগ নিশ্চিত করা; নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং ব্যাটারিচালিত রিকশাচালকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা।
সমাবেশে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘আমরা ব্যাটারিচালিত রিকশা বা কারও রুটি-রুজির বিরুদ্ধে নই। আমরা চাই নিরাপদ সড়ক। আর এ জন্য সুশৃঙ্খলভাবে, নিয়ন্ত্রিত উপায়ে সব ধরনের যানবাহন চলাচল করতে হবে।’
রিকশার ওপর নির্ভর করে একটা দেশ চলতে পারে না উল্লেখ করে গুলশান সোসাইটির সভাপতি বলেন, পৃথিবীর কোনো দেশে এমনটা নেই। তাই অবৈধ ব্যাটারিচালিত রিকশা তুলে দিতে হবে এবং চালকদের জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। এ জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
ওমর সাদাত বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা এবং এ কারণে সৃষ্ট অসহনীয় যানজট, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার কথা বলে আসছি। কিন্তু সমস্যার সমাধান হয়নি।’ এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব সারওয়াত সিরাজ, বনানী সোসাইটির সভাপতি শওকত আলীসহ বিভিন্ন আবাসিক এলাকার নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা পাঁচ দফা দাবির সমর্থনে বক্তব্য দেন।