সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রামপুরায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর রামপুরায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর নাম এস এম মোয়াজ্জেম হোসেন (৪৫)।

পুলিশ জানায়, গতকাল রাত পৌনে ১২টার দিকে রামপুরা টেলিভিশন ভবনের ৪ নম্বর গেটের পাশে মোয়াজ্জেমের মোটরসাইকেলটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে মোয়াজ্জেম ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি ঢাকার উত্তর শাহজাহানপুরে থাকতেন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা প্রথম আলোকে বলেন, গতকাল রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থল থেকে মোয়াজ্জেমের লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মোয়াজ্জেমের ছেলে তাসনিমুল হোসেন রিদম প্রথম আলোকে বলেন, তাঁর বাবা একজন প্রকৌশলী। একসময় ব্যবসা করতেন। তবে এখন তাঁর বাবা ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। গতকাল রাতে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়।