শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির অভিযোগে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ‘অসমাপ্ত আত্মজীবনী’ আর বিক্রি না করার শর্তে পুলিশের সমঝোতায় ওই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রথম আলোকে বলেন , তুলে নেওয়া দুই কর্মীকে থানায় আনা হয়নি। তাঁদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। তাই বইটি আর বিক্রি না করার শর্তে পুলিশ ফাঁড়ি থেকেই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই যুবক বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রে আসেন। তাঁরা শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চাইলে কর্মীরা তাঁদের বইটি বের করে দেন। পরে ওই দুই যুবক বইটি বিক্রি করা নিয়ে আপত্তি তোলেন। তাঁরা বলেন, বইটি নিষিদ্ধ।
একপর্যায়ে তাঁরা আশপাশের আরও লোকজন জড়ো করেন। এরপর বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন। একই সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে আটক করা হয়।