মায়ের মৃত্যুর পর থেকে একা হয়ে গেছে মারিয়াম। পড়াশোনাতে মন নেই, কান্নাকাটি করে। মামার বাড়ি রেখে এসেছেন বাবা।

রাফিকা পাঠান স্কুল থেকে মেয়ে মারিয়াম রুহীকে নিয়ে রিকশায় করে ফিরছিলেন। গত ২৮ মার্চ রাজধানীর ওয়ারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি মারা যান। তারপর থেকেই ছোট্ট মারিয়ামের জীবন পাল্টে গেছে। পড়াশোনায় মনোযোগ কম। দিনের বেশির ভাগ সময় কাটে মুঠোফোনের ইউটিউবে।
মারিয়ামের বাবা আবু সুফিয়ান মুঠোফোনে বললেন, ‘মায়ের অভাব তো পূরণ হবে না। মেয়ের মা মেয়ের পড়াশোনাসহ সব দিক দেইখ্যা রাখত। এখন মেয়ের যাযাবরের জীবন হয়ে গেছে। মেয়ে ভালো নাই। কীভাবে জীবন চলবে তা–ও জানি না।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবু সুফিয়ানের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি মেয়েকে মানিকগঞ্জে মামার বাড়ি রেখে বাসে করে ঢাকায় ফিরছিলেন। তিনি জানান, মেয়ের মন খারাপ হয়ে থাকে। কান্নাকাটি করে। তাই তাকে মামার বাড়ি রেখে এলেন। মেয়ে ঢাকায় কবে ফিরবে, তা–ও জানা নেই।
এক প্রশ্নের জবাবে আবু সুফিয়ান বলেন, ‘মেয়ে পড়াশোনাই করতে চায় না। টাকা দিয়া বাসায় দুজন মাস্টার রাইখ্যা দিছি। কিন্তু মেয়ে পড়তে বসে না। সারা দিন ফোনে ইউটিউব দেখে। ওর মা সকাল–বিকেল পড়তে বসাইত। মা নাই, এখন তো আর শাসন করারও কেউ নাই।’
আবু সুফিয়ান মেয়েকে নিয়ে থাকেন। ঘটনার পর মারিয়াম প্রথম আলোর কাছে নিজেই ঘটনার বর্ণনা দিয়ে বলেছিল, একটা বাস ধাক্কা দেওয়ার পর সে তার মাকে গাড়ির চাকার নিচে দেখেছে। সে নিজেও রিকশা থেকে নিচে পড়ে গিয়েছিল। তার বই খাতা সব রাস্তায় ছড়িয়ে পড়েছিল। তারপর লোকজন তাকে ও তার মাকে হাসপাতালে নিয়ে যায়। মারিয়াম টিকাটুলির কামরুন্নেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। মায়ের মৃত্যুর পর থেকে মারিয়াম একটি ভ্যানে করে স্কুলে যাচ্ছে।
গুলিস্তানগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাফিকা পাঠানের রিকশাটিকে ধাক্কা দিয়েছিল। পুরান ঢাকার নবাবপুর রোডের রথখোলার কাছে লালচান মুকিম লেনের বাসায় ফিরছিলেন মা ও মেয়ে। ঘটনার পর আবু সুফিয়ানের ভাই শামীম পারভেজ বাদী হয়ে মামলা করেছিলেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, রাফিকার আঘাত ছিল গুরুতর। তাঁর কপাল, বাম কান, নাক ও মাথা থেঁতলে যায়। বাস জব্দ ও বাসচালককে গ্রেপ্তার করে পুলিশ।
তবে মামলার ভবিষ্যৎ খুব বেশি দূর এগোতে পারেনি। শামীম পারভেজ প্রথম আলোকে বলেন, ‘মামলা আপস করে ফেলতে বাধ্য হইছি। গাড়ির লাইনের লোকদের সঙ্গে আমরা পেরে উঠতাম না। মামলার জন্য ভাইকে ভয়ভীতি দেখায়। হুমকি দেয় ও শাসায়। ভাইয়ের বাসের ব্যবসা, কিন্তু গাড়ি চলতে দিত না। তাই ঠিক করি, মীমাংসা করে টাকাপয়সা যা পাই, তা নেওয়াই ভালো।’