
রাজধানীর উত্তরার কসাইবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় মো. সানি মৃধা (২০) নামের এক গাড়িচালক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর উত্তরার কসাইবাড়ি জামতলা এলাকায় ট্রেনের ধাক্কায় সানি মৃধা গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দুইটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক মো. রিয়াজ মাহমুদ বলেন, কাজ শেষে বাসায় ফেরার পথে কসাইবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন সানি মৃধা। পরে ঢামেক হাসপাতালে মৃত্যুবরণ করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সানির বড় ভাই তারেক মৃধা বলেন, তাঁর ছোট ভাই পেশায় প্রাইভেট কারচালক ছিলেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে কসাইবাড়ি জামতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সানি। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তারেক মৃধা বলেন, রেলওয়ে থানায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সানির লাশ নেওয়া হয়েছে।
সানি মৃধার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। উত্তরা ১০ নম্বর রোডের পুকুরপাড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি। চার ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।