‘সুনাদ’ নামের অনুষ্ঠানে ছিল সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান বেঙ্গল পরম্পরার তরুণ শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনা। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়, ২২ ডিসেম্বর
‘সুনাদ’ নামের অনুষ্ঠানে ছিল সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান বেঙ্গল পরম্পরার তরুণ শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনা। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়, ২২ ডিসেম্বর

বেঙ্গলের আয়োজনে উচ্চাঙ্গসংগীতে সুরেলা সন্ধ্যা

ছুটির দিনে শীতের সন্ধ্যায় উচ্চাঙ্গসংগীতের সুরে শ্রোতাদের তন্ময় করে রেখেছিলেন নতুন প্রজন্মের শিল্পী ও শিক্ষার্থীরা। তাঁদের পরিবেশনা উপভোগের সঙ্গে ফিরে এল বছর শেষের এমনি দিনে রাতভর উপমহাদেশের খ্যাতনামা গায়ক-বাদকদের পরিবেশনে মুগ্ধ থাকার স্মৃতি।

বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে আজ শুক্রবার থেকে শুরু হলো তিন দিনের সংগীতসন্ধ্যা। প্রথম দিনে ‘সুনাদ’ নামের অনুষ্ঠানে ছিল সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান বেঙ্গল পরম্পরার তরুণ শিল্পী ও শিক্ষার্থীদের  ধ্রুপদ, খেয়াল ও কণ্ঠযন্ত্রের সম্মেলনে দলীয় পরিবেশনা। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হয়েছিল ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় মিলনায়তনে।

উচ্চাঙ্গসংগীতের প্রসঙ্গ এলে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে উচ্চাঙ্গসংগীত উৎসবগুলোর কথা এসেই যায়। ঢাকার শ্রোতাদের উপমহাদেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা শোনার সুযোগ হয়েছিল সেই উৎসবে। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ছয়টি উৎসব হয়েছিল। প্রশংসিতও  হয়েছিল বিপুল। সেখান থেকেই আসে দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য গুরুমুখী এই শিক্ষাদানের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থার।  

বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে আজ শুক্রবার থেকে শুরু হলো তিন দিনের সংগীতসন্ধ্যা।  ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়, ২২ ডিসেম্বর

অনুষ্ঠানের সূচনায় বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী দর্শকদের স্বাগত জানিয়ে বললেন, সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান বেঙ্গল পরম্পরার ৯ বছর পূর্ণ হলো। যেসব গুণী ওস্তাদ ও পণ্ডিত শিক্ষা দান করেছেন, তাঁদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। বললেন, তাঁদের অনুমতি নিয়েই নবীনদের এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পরিবেশনা শুরু হয়েছিল ধ্রুপদ দিয়ে। ইমন রাগের আলাপ, ঝালা, বন্দিশে এই পরিবেশনায় অংশ নিয়েছেন স্মরণিকা সাহা, অব্যয় সন্ধি ও দিব্যময় দেশ। বন্দিশটিও ছিল চমৎকার ‘শুভ দিন, শুভ ঘরি, শুভ মহুরত...’। পরে এককে ‘গাওয়াতি’ রাগে ধ্রুপদ গেয়েছেন টিংকু শীল। সঙ্গে পাখোয়াজ বাজিয়েছেন প্রশান্ত ভৌমিক।

এরপরে ছিল কানিজ হুসনা আহম্মদীর পরিবেশনায় মারোয়া রাগে খেয়াল। তিনি আলাপ, বিস্তার, ঝালার সঙ্গে গেয়েছেন ‘প্রিয়া বিনা ঘর...বন্দিশ’।

খেয়াল পরিবেশন করছেন শিল্পী কানিজ হুসনা আহম্মাদী

শেষে ছিল কণ্ঠ ও সারেঙ্গি, সেতার, সরোদ ও তবলার সম্মিলনে নবীন শিক্ষার্থীদের কিরওয়ানি রাগের পরিবেশনা। অংশ নিয়েছেন অভিজিৎ কুণ্ডু, ইলহাম ফুলঝুরি খান, ইসরা ফুলঝুরি খান, মোহাম্মদ কাওসার, সোহিনী মজুমদার, শৌণক দেবনাথ, নিলয় হালদার, ফাহমিদা নাজনীন ও নুসরাত ই জাহান।

প্রাণের খেলা: আগামীকাল শনিবার ‘প্রাণের খেলা’ নামে দ্বিতীয় দিনের সন্ধ্যায় থাকবে শিল্পী রাজরূপা চৌধুরীর একক সরোদ বাদন।

সমাপনী দিন রোববার সন্ধ্যায় বাংলা নাগরিক গান শোনাবেন শিল্পী শারমিন সাথী ইসলাম ও বুলবুল ইসলাম। অনুষ্ঠানের দুয়ার সবার জন্যই খোলা।