
রাজধানী ঢাকার সড়কে ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস (হালকা বা ছোট অস্ত্র) দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বৃহস্পতিবার উত্তরার আজমপুর বিডিআর মার্কেট–সংলগ্ন বাসস্ট্যান্ডে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনারের কাছে এক সাংবাদিক জানতে চান, উত্তরার হাউস বিল্ডিং থেকে আবদুল্লাহপুর পর্যন্ত ছিনতাইয়ের প্রকোপ বেশি। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অস্ত্রের মুখে ছিনতাই হচ্ছে। কিন্তু একজন বা দুজন কনস্টেবল বা একজন সার্জেন্টের পক্ষে ছিনতাই রোধ করা সম্ভব নয়। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এই এলাকায় ছিনতাই হয়। এর আগেও আমি ব্যবস্থা নিয়েছি। এক মাস আগেও রাজধানীতে ছিনতাইয়ের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। ব্যাপক ধরপাকড়ের কারণে ১৫ দিন ধরে ছিনতাই খুব কমে গেছে। কারণ, তাদের জেলে রাখা হয়েছে।’
কমিশনার বলেন, ‘আপনারা জানেন, আমাদের জনবল কম। ট্রাফিকের লোক আরও অসহায়। একজন ডিউটি করেন। তাঁরা নাজুক অবস্থায়। সার্জেন্টদের স্মল আর্মস দিয়ে দিচ্ছি। তিনি যেন এক, দুই বা তিনজন ছিনতাইকারী মোকাবিলা করতে পারেন।’
গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা ও ভাঙচুরে পুলিশের ভূমিকা কী ছিল, এমন এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা চেষ্টা করেছি। রাত দুইটা–আড়াইটা পর্যন্ত আমি (পরিস্থিতি) মনিটরিং করেছি।’
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।