শীতের কাপড় না পরানো হলে কষ্ট পায় কুকুর–বিড়াল। নবজাতকের পুরোনো হয়ে যাওয়া শীতের কাপড় (জিরো সাইজ) বিড়ালের গায়ে ঠিকমতো হয়। কুকুরের বেলায় শিশুদের যেকোনো মাপের কাপড় দিলে তা পরানো যায়। এ ছাড়া পাতলা কম্বল দিলেও কুকুর-বিড়ালকে শীত থেকে রক্ষা করা সম্ভব।
পথ থেকে উদ্ধার করা কুকুর-বিড়ালের জন্য পুরোনো শীতের কাপড় চেয়ে এমন আহ্বান জানিয়েছেন দীপান্বিতা হৃদি। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অ্যানিমেল লাভারস বাংলাদেশ বা এএলবি অ্যানিমেল শেল্টারের প্রতিষ্ঠাতা তিনি।
দ্বীপান্বিতা পরিচালিত আশ্রয়কেন্দ্রটিতে বর্তমানে প্রায় ১৭০টি কুকুর ও বিড়াল আছে। এগুলোর মধ্যে ৩৩টির কোনো না কোনো মালিক বা স্পনসর (পৃষ্ঠপোষক) আছেন, যাঁরা মাসিক ২ হাজার ৫০০ টাকা করে অনুদান দিচ্ছেন। বাকিগুলোর থাকা, খাওয়া, চিকিৎসাসহ সম্পূর্ণ খরচ দীপান্বিতা দিচ্ছেন। এতে তাঁর খরচ হচ্ছে এক লাখ টাকার বেশি। এর মধ্যে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়মিত মাসে কিছু অর্থসহায়তা পেয়ে থাকেন।
দীপান্বিতা তাঁর আশ্রয়কেন্দ্রের জন্য বিভিন্ন সহায়তা চাওয়ার পাশাপাশি শীতের কাপড় চেয়েও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। ইতিমধ্যে শীতের কাপড় কেনা বাবদ যে চার হাজার অর্থসহায়তা পেয়েছেন, তা দিয়ে রাজধানীর গুলিস্তান থেকে শীতের কাপড়ও কিনেছেন।
এক বিঘা জমিতে নারায়ণগঞ্জের আশ্রয়কেন্দ্রটি গড়ে উঠেছে। এ জমির মালিক দীপান্বিতা ও তাঁর মা। দীপান্বিতার মা সঞ্চিতা বেগম ও বাবা এনামুল শিকদার দুজনই ব্যাংকার ছিলেন। চাকরি থেকে অবসরের পর তাঁরা এখন বাগেরহাটে থাকেন। দীপান্বিতা তাঁদের একমাত্র সন্তান। মা–বাবা যখন চাকরি করতেন, তখন আশ্রয়কেন্দ্রের জন্য বেশ ভালোই সহায়তা করতে পারতেন, এখন আর ততটা পারেন না।
দীপান্বিতা বললেন, ‘কুকুর নিজের বা পাশের কুকুরের কাপড় টেনেহিঁচড়ে বা কামড়ে ছিঁড়ে ফেলে। এ ছাড়া কাপড় ময়লা হয়ে যায়। তাই শীতের জন্য একাধিক পোশাকের প্রয়োজন হয়। এত কাপড় কেনা সম্ভব নয়। তাই কুকুর-বিড়ালের জন্য শীতের কাপড় চেয়েছি। কেউ তাঁদের সন্তানের ব্যবহার করা শীতের পোশাক দিতে পারেন, আবার কেউ চাইলে শীতের কাপড় কেনার জন্য আর্থিকভাবে সহায়তাও করতে পারেন।’
ফেসবুকে দীপান্বিতার পোস্ট দেখে কয়েকজন সহায়তার জন্য এগিয়ে এসেছেন, তবে সংখ্যাটা প্রয়োজনের তুলনায় এখনো অনেক কম।
দীপান্বিতা বললেন, কিছু প্রতিষ্ঠান আলাদাভাবেই কুকুর-বিড়ালের জন্য পোশাক বানাচ্ছে, অনলাইনে পাওয়া যাচ্ছে। তবে সেসব পোশাকের অনেক দাম। তাই পুরোনো কাপড়, গুলিস্তানসহ যেসব জায়গায় কম দামে কাপড় পাওয়া যায়, সেখান থেকে কিনতে হচ্ছে। শীতের সময় প্রতিটি কুকুর–বিড়ালের দু–তিনটি করে কাপড় থাকলে তখন আর শীতে কষ্ট পেতে হয় না।
ফেসবুকে অ্যানিমেল লাভারস বাংলাদেশ গ্রুপের যাত্রা শুরু ২০১২ সালে। ২০১৪ সালের প্রথম দিকে আশ্রয়কেন্দ্রটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
৩৭ বছর বয়সী দীপান্বিতা পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে। ছোটবেলা থেকেই অবহেলিত প্রাণীকে ভালোবাসতেন, বিপদে পড়া প্রাণী উদ্ধার করতেন। এক বিঘা জমিতে নারায়ণগঞ্জের আশ্রয়কেন্দ্রটি গড়ে উঠেছে। এ জমির মালিক দীপান্বিতা ও তাঁর মা। দীপান্বিতার মা সঞ্চিতা বেগম ও বাবা এনামুল শিকদার দুজনই ব্যাংকার ছিলেন। চাকরি থেকে অবসরের পর তাঁরা এখন বাগেরহাটে থাকেন। দীপান্বিতা তাঁদের একমাত্র সন্তান। মা–বাবা যখন চাকরি করতেন, তখন আশ্রয়কেন্দ্রের জন্য বেশ ভালোই সহায়তা করতে পারতেন, এখন আর ততটা পারেন না।
‘কুকুর নিজের বা পাশের কুকুরের কাপড় টেনেহিঁচড়ে বা কামড়ে ছিঁড়ে ফেলে। এ ছাড়া কাপড় ময়লা হয়ে যায়। তাই শীতের জন্য একাধিক পোশাকের প্রয়োজন হয়। এত কাপড় কেনা সম্ভব নয়। তাই কুকুর-বিড়ালের জন্য শীতের কাপড় চেয়েছি। কেউ তাঁদের সন্তানের ব্যবহার করা শীতের পোশাক দিতে পারেন, আবার কেউ চাইলে শীতের কাপড় কেনার জন্য আর্থিকভাবে সহায়তাও করতে পারেন।’(দীপান্বিতা হৃদি, প্রাণীপ্রেমী ও এএলবি অ্যানিমেল শেল্টারের প্রতিষ্ঠাতা)
২০১৮ সাল থেকে ঢাকায় থাকছেন দ্বীপান্বিতা। ফ্রিল্যান্সিং করছেন। তিনি বলেন, আশ্রয়কেন্দ্রের খরচ চালানোর জন্যই তাঁকে ঢাকায় কাজের জন্য আসতে হয়েছে।
‘নির্যাতনের শিকার কুকুর-বিড়ালের সংখ্যা বাড়ছে’
এই প্রাণীপ্রেমী জানালেন, ফেসবুক পেজের মাধ্যমে নির্যাতনের শিকার, দুর্ঘটনায় পা কেটে যাওয়া, ছানাসহ মা কুকুর-বিড়াল, মা হতে যাওয়া কুকুর-বিড়ালকে রাস্তায় কেউ ফেলে গেলে, সে–সংক্রান্ত খবরগুলো পাওয়া যায়। স্বেচ্ছাসেবকেরা এ ধরনের কুকুর-বিড়াল উদ্ধার করে প্রথমে ভেট বা পশুচিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা করান। টিকা দেওয়ান। তারপর সেগুলোকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়। এ ছাড়া কমিউনিটির কিছু মানুষ হয়তো আগে কুকুর-বিড়ালের দেখভাল করতেন, এখন কোনো কারণে করতে পারছেন না, এমন কুকুর-বিড়ালকেও আশ্রয় দেওয়া হচ্ছে। কিছু কুকুর–বিড়াল আছে, যেগুলোকে আগের জায়গায় রেখে এলে হয়তো কেউ মেরে ফেলতে পারে, এমন মনে হলেও সেগুলোকে আশ্রয়কেন্দ্রে আনা হয়।
দ্বীপান্বিতার ভাষ্য, নির্যাতনের শিকার কুকুর-বিড়াল পাওয়ার সংখ্যাটা দিন দিন বাড়ছেই। আগে মানুষ নিজেদের খাবার থেকে এলাকার কুকুর–বিড়ালের জন্য কিছু খাবার রেখে দিতেন, প্রাণীদের যত্ন করে খাওয়াতেন, তেমন মানুষের সংখ্যাও কমেছে। তা ছাড়া জনসংখ্যা বাড়ায় কুকুর-বিড়ালের থাকার জায়গা কমে যাচ্ছে। ফুটপাতে থাকলেও এখন মানুষ বিরক্ত হন, আসতে–যেতে লাথি-গুঁতাও মারেন।
দীপান্বিতা জানালেন, আশ্রয়কেন্দ্রের কুকুর–বিড়ালের জন্য খাবারের পেছনেও অনেক খরচ করতে হচ্ছে। তাদের খাওয়াতে মুরগির গিলা–কলিজাসহ বিভিন্ন অংশ কিনতে হয়। ভাতের জন্য খুদের চাল ও লবণ ছাড়া শুঁটকি কুকুর–বিড়াল পছন্দ করে। গাড়ির নিচে চাপা পড়ে বা অন্য কোনোভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া ছাড়াও ক্যানসার, টিউমার, হার্নিয়াসহ নানা অসুস্থতায় ভোগা কুকুর–বিড়ালের জন্য খাবারের মেনুতে পরিবর্তন আনতে হয়। তখন খাবারে মিষ্টিকুমড়া, ডিমসহ বিভিন্ন খাবার যোগ করতে হয়। বর্তমানে সব খাবারের দাম বেড়েছে। আর আশ্রয়কেন্দ্রের কুকুর–বিড়াল বেশির ভাগই অসুস্থ হওয়ায় ওষুধসহ নানা চিকিৎসা ব্যয়ও বেড়েছে।
আশ্রয়কেন্দ্রের খরচ সামলাতে দীপান্বিতা নিজের জীবনযাপনের খরচ কমানোর চেষ্টা করেন। ঢাকায় ছোট একটি বাসায় থাকেন। এই ছোট বাসাতেও পিটু ও পাউচ নামের দুটি বিড়াল থাকে। আরেকটি মা বিড়াল তিনটি ছানার জন্ম দিয়ে আর বাসা ছাড়তে চাইছে না। আর আশপাশের কুকুর-বিড়ালও নিয়মিত দীপান্বিতার বাসায় আসে খাবারের জন্য।
দীপান্বিতা চান, তিনি যখন থাকবেন না, তখনো যেন আশ্রয়কেন্দ্রটি নিজের আয়ে চলতে পারে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে যাঁরা নিয়মিত সহায়তা দিচ্ছেন, তাঁদের নিয়ে একটি কমিটি গঠন করবেন বলেও জানালেন, যাতে কেউ না কেউ এ আশ্রয়কেন্দ্রের দেখভালের দায়িত্ব নিতে পারেন।
পথে থাকা দেশি কুকুর–বিড়ালের পেছনে ছুটতে গিয়ে সেভাবে সংসার করতে পারেননি দীপান্বিতা। কুকুর–বিড়াল নিয়েই তাঁর সংসার।
দ্বীপান্বিতা মনে করেন, ২০১৯ সালে প্রাণী কল্যাণ আইন প্রণয়নসহ সরকারি নানা ব্যবস্থাপনা থাকলেও নজরদারির অভাব আছে। তাঁর মতে, পথের কুকুর–বিড়ালকে টিকা দেওয়াসহ নির্যাতনের শিকার হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে সরকার যত দিন দায়িত্ব হিসেবে না দেখবে, তত দিন এই প্রাণীগুলোর প্রতি নির্যাতন কমবে না। তত দিন এই প্রাণীগুলো ভালো থাকতে পারবে না। এ ছাড়া শিশুদের পাঠ্যবইয়ে পেট প্যারেন্টিংয়ের বিষয়টি অন্তর্ভুক্ত করার পাশাপাশি পরিবার থেকে শিশুদের প্রাণীর প্রতি মমত্ববোধ শেখানোর বিষয়টিতেও গুরুত্ব দিলেন দ্বীপান্বিতা।