সন্‌জীদা খাতুনের হাতেই রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নেতৃত্ব

সন্‌জীদা খাতুন
 সন্‌জীদা খাতুন

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্‌জীদা খাতুনই জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতির দায়িত্বে থাকছেন। তাঁর সঙ্গে নির্বাহী সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। তবে পরিষদের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এসেছে, নতুন করে এ দায়িত্বে এসেছেন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। আর কোষাধ্যক্ষ হয়েছেন নাসেহুন আমীন।

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী দিন ছিল রোববার। এদিন সারা দেশের ৫০টি শাখা থেকে আসা প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন হয়। সেখান থেকেই পরিষদের ৬১ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়।

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমানের সভাপতিত্বে ৪০তম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিদায়ী সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে অন্যায়ের প্রতিবাদ করেছেন, জীবনভর গানে-কবিতায় যেভাবে সংস্কৃতির মূল্যবোধ ও নানন্দিকতার চর্চা করে গেছেন, তা আমাদের জীবনে ধারণ করতে হবে।’

সৈয়দ মনজুরুল ইসলাম আরও বলেন, ‘সমাজের প্রতিবাদী চরিত্রদের জাগাতে হলে আমাদের সবার আগে জ্বালতে হবে শিক্ষা ও সংস্কৃতির আলো। শিক্ষার আলো গভীর অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার জন্য উজ্জ্বল রেখা দেখাবে। সংস্কৃতির আলো মানুষের মধ্যে সুন্দরের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা জাগাবে।’

নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়

পরিষদের বিদায়ী কমিটির সহসভাপতি সারওয়ার আলী বলেন, সমাজে নারী ও ধর্মবিদ্বেষী প্রচারণা কারও কারও মনোজগতে প্রভাব ফেলছে। তাতে সামাজিক অবক্ষয় প্রান্তরেখা অতিক্রম করছে। বিশ্বময় সংঘাতে অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। সমাজ ও সংস্কৃতির এমন বিপন্ন অবস্থা থেকে উত্তরণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারস্থ হওয়া যায়।

করোনাকালে প্রয়াত দুই শতাধিক সংস্কৃতিসেবীর জন্য শোক প্রস্তাব রাখা হয় সম্মেলনে। সংস্কৃতিতে তাঁদের অনন্য ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় প্রস্তাব পাঠ করেন প্রাবন্ধিক ও গবেষক মফিদুল হক। তাতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ও বাঙালির স্বাধিকার আন্দোলনের পুরোধা লীলা নাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা নজরুল ও ভূপর্যটক রামনাথ বিশ্বাসের ভিটেমাটি দখলমুক্ত ও সংস্কার করে নবরূপে উপস্থাপনের দাবির আন্দোলনে একাত্ম হবে সংগঠনটি। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংস্কৃতি ও শরীরচর্চা শিক্ষায় ‘শিল্প ও সংস্কৃতি চর্চা’ প্রকল্পে পরিষদের শিল্পীদের স্বেচ্ছায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

সম্মেলনের শেষ দিনে দেওয়া হলো রবীন্দ্রপদক। মরণোত্তর পদক দেওয়া হয় প্রয়াত দুই রবীন্দ্রসংগীতশিল্পী ও সংগঠক নীলোৎপল সাধ্য ও মিতা হককে। তাঁদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন নীলোৎপল সাধ্যের স্ত্রী ঝর্ণা মল্লিক ও মিতা হকের মেয়ে ফারহিন খান জয়িতা।

রোববার বিকেলে কিশোর ও সাধারণ বিভাগে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কিশোর বিভাগে অনন্য মান পেয়েছে ময়মনসিংহের আনুষ্কা চক্রবর্তী ও সাধারণ বিভাগে অনন্য মান পেয়েছেন চাঁদপুরের পূরবী দে সিমন্তি। তাঁদের হাতে ‘জাহিদুর রহিম স্মৃতি পুরস্কার’ তুলে দেন সৈয়দ মনজুরুল ইসলাম ও আতিউর রহমান। কিশোর বিভাগে প্রথম মান পেয়েছে ১৭ জন, দ্বিতীয় মান ৬ জন ও সাধারণ মান পেয়েছে ৫ জন। সাধারণ বিভাগে প্রথম মান পেয়েছেন ৯ জন, দ্বিতীয় মান ৯ জন ও সাধারণ মান পেয়েছেন ৩ জন প্রতিযোগী। তাঁদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

অতিথিদের সঙ্গে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় বিজয়ীরা

পুরস্কৃতরা হলেন প্রথম মান রাজশাহীর বিপ্রজিৎ সরকার, ফরিদপুরের যোজন বিশ্বাস, বরগুনার গোধূলি সাহা, যশোরের পৌষি পোদ্দার, পাবনার অন্বেষা সরকার, যশোরের তৃষ্ণা দেব ভক্ত, ফরিদপুরের কান্তা সরকার, পাবনার সাফল্য রায়, রাজশাহীর অঙ্কুর সরকার, চট্টগ্রামের আদৃতা রুদ্র, জয়পুরহাটের শাহরিয়ায় আস সাদাত, ফরিদপুরের প্রাতীচ্য কুমার দে, ঢাকার সুদর্শনা কুণ্ডু, হবিগঞ্জের ক্রান্তি দাস, খুলনার উপমা সাহা, ফরিদপুরের ব্রততী দাস, শেরপুরের মাহজাবীন মোবাশ্বিরা।

দ্বিতীয় মান পেয়েছে শেরপুরের পুষ্পিতা সোম, প্রতিভা রায়হান, মাগুরার অরণ্য সাহা, মৌলভীবাজারের সুইটি রানী দাস, ডুমুরিয়ার ঐশ্বর্য মন্ডল, সিরাজগঞ্জের সুস্মিতা মণ্ডল। সাধারণ মান পেয়েছে চট্টগ্রাম রাজন্যা দাশ, কুষ্টিয়ার নিচোল মেঘলীনা, গাজীপুরের সুদীপ ব্রহ্ম রায়, অদিতি মিত্র ও ময়মনসিংহের আদিশ্রী সাহা।

সাধারণ বিভাগে প্রথম মান পেয়েছে ঢাকার অমেয়া প্রতীতি, দিনাজপুরের প্রিয়াঙ্কা দাস, ঢাকার মোহাম্মদ শাহরিয়ার ইসলাম, চট্টগ্রামের এলড্রিন ক্রাউলি, নওগাঁর রত্না রানী রায়, রাজশাহীর অনিক রায়, জয়পুরহাটের সানন্দা ধর, মাগুরার মিতুল দাস ও চট্টগ্রামের অনিন্দিতা মুৎসুদ্দি।

দ্বিতীয় মান পেয়েছে চাঁদপুরের চয়ন সাহা, নারায়ণগঞ্জের জয়শ্রী চৌধুরী, চাঁদপুরের নিবেদিতা দাস, চুয়াডাঙ্গার শাওন কুমার রায়, ঢাকার অরিত্রি সমদ্দার, হবিগঞ্জের সিমরান সরকার, নারায়ণগঞ্জের তূর্য ঘোষ, খুলনার সুস্মিত সাইফ ও মৌলভীবাজারের দীপাঞ্জলি নাথ। সাধারণ মান পেয়েছে পঞ্চগরের রামিজ রাওনাক ও সিরাজগঞ্জের প্রত্যয় বরণ সরকার।

গত শুক্রবার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪০তম সম্মেলন শুরু হয়। উদ্বোধন করেন রবীন্দ্র গবেষক ও অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। ১৯৭৯ সালে শিল্পী জাহিদুর রহিমের প্রয়াণ দিবসে কাজ শুরু হয়েছিল ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’। দেশব্যাপী বৃহত্তর পরিসরে কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে পরে সংগঠনের নামকরণ করা হয় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। সংগঠনের মূল লক্ষ্য হয়ে ওঠে সব প্রতিবন্ধকতা দূর করে বাঙালির জাতীয় সংস্কৃতির সুষ্ঠু ও স্বাভাবিক বিকাশের ধারাকে সমৃদ্ধ ও গতিশীল করে তোলার উদ্দেশ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা।