কাজ নিয়ে সময়ক্ষেপণ করে তমা কনস্ট্রাকশন, বাড়িয়ে নেয় টাকা

দুই লেনে উন্নীত করা হচ্ছে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আখাউড়া-লাকসাম অংশ। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায়। চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন, ম্যাক্স ও তমা কনস্ট্রাকশন যৌথভাবে এই প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে
ছবি: প্রথম আলো

রাজধানীবাসীর কাছে বছর কয়েক আগেও দুঃসহ ভোগান্তির নাম ছিল মগবাজার-মৌচাক উড়ালসড়ক। এটি নির্মাণের কাজ পেয়েছিল তমা কনস্ট্রাকশন লিমিটেড। ২০১৩ সালে শুরু করে দুবছরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটির। কিন্তু লাগিয়েছে চার বছর। এ ছাড়া মূল চুক্তিমূল্যের চেয়ে ৭৬ কোটি টাকা বেশিও ব্যয় করেছে তারা। আর নির্মাণকাজ শেষ করতে গিয়ে প্রাণহানি ঘটে ৯ জনের।

সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বেশির ভাগ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করেনি তমা কনস্ট্রাকশন। নির্ধারিত মূল্যেও করেনি কাজ। ফলে একদিকে সময় বেড়েছে, তেমনি প্রকল্পের খরচ বেড়েছে। বাড়তি টাকা সরকারের কোষাগার থেকে বহন করতে হয়েছে।

তমা কনস্ট্রাকশনের বেশ কয়েকটি প্রকল্প বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ–সংক্রান্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে জমা দিয়েছে সংস্থাটি।

ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড কেন বিচার-বিশ্লেষণ করতে হলো, সে বিষয়ে বিআইডব্লিউটিএর দুজন কর্মকর্তার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁরা প্রতিবেদনটি তৈরি করেছেন। তাঁরা জানান, প্রতিষ্ঠানটির আগের প্রকল্পগুলো পর্যালোচনা করতে নৌ মন্ত্রণালয় থেকে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছিল। এই মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বিআইডব্লিউটিএর তিনটি প্যাকেজে তমা কনস্ট্রাকশন দরপত্রে অংশ নিয়েছে। সেই দরপত্র মূল্যায়নের কাজ চলছে। সরকারি কাজে তাদের অতীত অভিজ্ঞতা কেমন তা জানতেই মূলত এই বিচার–বিশ্লেষণ।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের কাছে একটি চিঠি আসে; যেখানে তমা কনস্ট্রাকশনের সম্পন্ন করা প্রকল্পের পর্যালোচনা করতে বলা হয়েছে। আমরা যাচাই–বাছাই করে দেখেছি, এই ঠিকাদারি প্রতিষ্ঠান যেসব কাজ পেয়েছে, সেসব কাজে মূল চুক্তিমূল্যের চেয়ে বেশি টাকা ব্যয় করেছে। নির্ধারিত সময়েও কাজ শেষ করতে পারেনি। এ–সংক্রান্ত একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছি।’

প্রতিবেদনে দেখা গেছে, মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণে তমা কনস্ট্রাকশনের সঙ্গে সরকারের চুক্তিমূল্য ছিল ৩৪৪ কোটি টাকা। সেটি বাড়িয়ে তারা ৪২০ কোটি টাকা করেছে। অর্থাৎ চুক্তিমূল্যের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে এই প্রকল্পে। আবার ২০১২ সালে শুরু হয়ে ২০১৫ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তারা কাজ শেষ করেছে ২০১৭ সালে। অর্থাৎ কাজ শেষ করতেও দুই বছর বেশি সময় নিয়েছে প্রতিষ্ঠানটি।

আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ তলা শহীদ শেখ রাসেল টাওয়ার ভবন নির্মাণের কাজে তমার চুক্তিমূল্য ছিল ৮২ কোটি টাকা। কিন্তু ভবনটি শেষ করতে তাদের খরচ হয়েছে ৯১ কোটি টাকা। বাড়তি খরচ হয়েছে ৯ কোটি টাকা। ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৬ সালে। শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালে। কিন্তু দুই বছরের কাজ তারা শেষ করেছে চার বছরে (২০২০ সালে)।

খাদ্য অধিদপ্তরের অধীন মোংলা সাইলোর নির্মাণকাজও পায় তমা কনস্ট্রাকশন। সেখানেও কোম্পানিটি চুক্তিমূল্যের চেয়ে বেশি টাকা খরচ করেছে; নিয়েছে বাড়তি সময়। প্রকল্পে খাদ্য অধিদপ্তরের সঙ্গে তমার চুক্তিমূল্য ছিল ৪৪৪ কোটি টাকা। কিন্তু কাজটি শেষ করেছে তারা ৪৯৮ কোটি টাকায়। ৫৪ কোটি টাকা বেশি খরচ হয়েছে। প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১২ সালে। কাজটি শেষ করার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু তারা সেটি করেছে এক বছর পরে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর কমপ্লেক্স নির্মাণে তমা কনস্ট্রাকশনের চুক্তিমূল্য ছিল ১২৪ কোটি টাকা। শেষ পর্যন্ত ১৪১ কোটি টাকায় এ কাজ শেষ করে তারা। এখানে ১৭ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে সরকারের। প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৩ সালে। দুই বছরে শেষ করার কথা থাকলেও শেষ হয়েছে ২০১৯ সালে। অর্থাৎ দুই বছরের প্রকল্প ছয় বছরে শেষ করেছে তমা কনস্ট্রাকশন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি বাড়তি খরচ ও সময় নেওয়ার বিষয়টি উঠে এসেছে। দুই বছর আগে প্রকাশিত একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

এদিকে ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ জামালপুর’ প্রকল্পের আওতায় কার্যাদেশ দেওয়া ২৭টি কাজের মধ্যে তমা কনস্ট্রাকশন একাই পায় ৮টি প্যাকেজের কাজ। একটি কোম্পানি কীভাবে এতগুলো কাজ পায় তা নিয়ে ওই প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়। এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালে। কিন্তু তা শেষ হয় ২০২১ সালে। অন্যদিকে এই প্রকল্পে প্রথমে খরচ ধরা হয়েছিল ৭১৭ কোটি টাকা। পরে তা বাড়িয়ে করা হয় ৯৫০ কোটি টাকা। টাকার অঙ্ক বেড়েছে ২৩৩ কোটি টাকা।

রেলওয়ের দোহাজারী হয়ে কক্সবাজারের রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ যৌথভাবে করছে তমা। ২০১০ সালে শুরু হলেও এ কাজ এখনো শেষ হয়নি। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৪ সালে। যৌথভাবে এটির কাজও পায় তমা। এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করতে পারেনি তারা। পুরান ঢাকার জনসন সড়কে ঢাকা জেলা পরিষদের ২০ তলা একটি ভবনের নির্মাণকাজও এ পর্যন্ত শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

তমা কনস্ট্রাকশন সারা দেশে এখন কতটি কাজ করছে সে তথ্য দিতে পারেননি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূঁইয়া। তবে বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সড়ক, রেলসহ কয়েকটি অবকাঠামো নির্মাণের কাজ করছে প্রতিষ্ঠানটি।

তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মগবাজার-মৌচাক উড়ালসড়কের কাজটি করতে গিয়ে এর পরিষেবা সরাতে সময় লেগেছে। এ কারণে নির্ধারিত সময়ে উড়ালসড়কের কাজটি করা যায়নি। তিনি বলেন, একটি প্রকল্পে ঠিকাদার একা চাইলে প্রকল্পের ব্যয় বাড়াতে পারে না। প্রকল্পের ব্যয় বাড়ানোর সঙ্গে ঠিকাদারের সম্পর্ক নেই। বিভিন্ন সময়ে সরকারের সিদ্ধান্তহীনতার কারণে প্রকল্পের ব্যয় ও সময় বাড়ে।

কেন আলোচনায় তমা কনস্ট্রাকশন

বিশ্বব্যাংকের ঋণে ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন’ নামের একটি প্রকল্পে তিনটি প্যাকেজে দরপত্র আহ্বান করে বিআইডব্লিউটিএ। এই তিনটি প্যাকেজের আর্থিক মূল্য ২৫০ কোটি টাকা। তিনটি দরপত্রে অংশগ্রহণ করেছে তমা কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির অভিজ্ঞতার সনদ চ্যালেঞ্জ জানিয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নৌপরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ জমা দেয়। সেই অভিযোগের যথার্থতা কতটুকু তা জানতে বিআইডব্লিউটিএকে অনুসন্ধানের নির্দেশ দেয় মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে তমার অতীত অভিজ্ঞতা পর্যালোচনা করেছে বিআইডব্লিউটিএ।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ এইচ ফরহাদ উজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আমরা তাদের অতীত প্রকল্প নিয়ে পর্যালোচনা করি। সরকারের বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন করা হয়েছে। যাদের কাগজপত্র ঠিক থাকবে, তারাই কাজ পাবে। সরকারের পাশাপাশি বিশ্বব্যাংকের মূল্যায়ন টিমও এসব কাগজপত্র দেখবে।’