হাতকড়া
হাতকড়া

রামপুরায় অস্ত্রসহ ‘পিচ্চি আল-আমিন’সহ গ্রেপ্তার ৬

রাজধানীর রামপুরা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, নয়টি গুলি ও দুটি দেশি ছুরি উদ্ধার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, ১ অক্টোবর দুপুরে রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আল-আমিন এবং তাঁর দুই সহযোগী কামাল উদ্দিন ও খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। পরে পিচ্চি আল-আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় কুঞ্জবন এলাকায় অভিযান চালায় এসআরবি। সেখান থেকে দুটি দেশি ছুরিসহ সোহাগ হাওলাদার ওরফে মামুন এবং রিফাত ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পিচ্চি আল-আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ অক্টোবর কুঞ্জবন এলাকা থেকে কাওছার খান নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় শফিকের টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও নয়টি গুলি উদ্ধার করে বাহিনীটি।

এসআরবি জানায়, পিচ্চি আল-আমিনের বিরুদ্ধে খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল ও গুলশান থানায় হত্যা, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ মোট ২৭টি মামলা রয়েছে। তিনি আলোচিত ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

কেরানীগঞ্জে ২১৬টি চাকুসহ গ্রেপ্তার ১

এদিকে ৩ অক্টোবর রাতে কেরানীগঞ্জের লাবনী পয়েন্ট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিক্রির জন্য মজুত রাখা ২১৬টি অবৈধ সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে এসআরবি-২। এ ঘটনায় এস এম রবীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।