
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে হওয়া অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন কল্যাণপুর জলাধারে গত ১৮ বছরের মধ্য সবচেয়ে বেশি পানি জমেছে। এখন এখানে পানির স্তর (লেবেল) বৃদ্ধি পেয়ে ৫ দশমিক ৭০ মিটার হয়েছে। ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা জানান, এর আগে ২০০৪ সালে ওই জলাধারে পানির স্তর হয়েছিল ৬ মিটার।
ঢাকা উত্তর সিটির ওই জলাধারসংলগ্ন পাম্প হাউসে দায়িত্ব পালনকারী অপারেটর মাসুম মোল্লা প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, বৃষ্টি শুরুর আগে (রোববার) জলাধারে পানির স্তর ছিল চার মিটার। তবে রোববার রাত থেকে বৃষ্টি শুরুর পর পানির স্তর বাড়তে থাকে। গতকাল সোমবার রাত ১২টার দিকে পানির স্তর সর্বোচ্চ ৫ দশমিক ৭০ মিটারের কিছু বেশি হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় গতকাল ২৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় গিয়ে দেখা যায়, জলাধারসংলগ্ন পাম্প হাউসের স্কেলে পানির স্তর ৫ দশমিক ৬০ মিটারের একটু নিচে। তখন পাম্প হাউসের চারটি পাম্প চালু রেখে সেচে পানি নদীতে অপসারণ করা হচ্ছিল। সিটি করপোরেশনের কর্মীরা পানির গতি নিরবচ্ছিন্ন রাখতে সেচযন্ত্রে যাতে ময়লা-আবর্জনা যেতে না পারে, সে জন্য পাম্পের ট্রাস ট্র্যাকের সামনের প্রতিবন্ধক থেকে আবর্জনা অপসারণ করছিলেন।
পাম্প হাউসের সামনে স্থানীয় বাসিন্দাদের অনেকে দাঁড়িয়ে পানি দেখছিলেন। তাঁদের একজন জামিল মিয়া। ১৫ বছর ধরে থাকেন গাবতলী সিটি কলোনি এলাকায়। তিনি বলেন, ‘কল্যাণপুর জলাধারে এত পানি আগে কখনো দেখিনি। মেশিন (সেচযন্ত্র) চলছেই। কিন্তু পানি কমার কোনো লক্ষণ নেই।’ তাঁর বাসার ভেতরেও হাঁটুপানি বলে জানান তিনি।
ঢাকা উত্তর সিটির ড্রেনেজ সার্কেলের প্রকৌশলীরা জানান, গতকাল ভোর থেকে একসঙ্গে চারটি সেচযন্ত্রের মাধ্যমে পানি সেচের কাজ করা হচ্ছে। একটি সেচযন্ত্র স্ট্যান্ডবাই রাখা হয়েছে। লোডশেডিংয়ের কারণে একাধিকবার সেচযন্ত্র বন্ধ রাখতে হয়েছে। প্রতিবার ২০ থেকে ২৫ মিনিট করে সেচকাজ বাধাগ্রস্ত হচ্ছে।
ঢাকা উত্তর সিটির আওতাধীন কল্যাণপুর জলাধারে পাঁচটি সেচযন্ত্র রয়েছে। এর মধ্যে দুটি পাঁচ কিলোওয়াটের, বাকিগুলো সাড়ে তিন কিলোওয়াট ক্ষমতার। পাম্পের মাধ্যমে টানা ১৬ ঘণ্টা পানি সেচে আজ বেলা ২টা পর্যন্ত ১০ মিটার পানি কমানো সম্ভব হয়েছে। বেলা ২টার সময় পানির স্তর ৫ দশমিক ৭০ মিটার থেকে ৫ দশমিক ৬০ মিটারে নেমে যায়।
ঢাকা উত্তর সিটির ড্রেনেজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত মো. আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘ঢাকা ওয়াসা থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পরে এত পানি কখনো দেখিনি। সোমবার দিবাগত রাত ২টা পর্যন্ত পানির স্তর ৫ দশমিক ৭ মিটারের একটু বেশি ছিল।’
ওই প্রকৌশলী আরও বলেন, জলাধারের ১৭০ একর জমি এখনো বেদখল হয়ে রয়েছে। এগুলো দখলমুক্ত করা গেলে নগরীর আরও পানি ধারণ করা সম্ভব হতো। অক্টোবরের এই সময়েও নদীতে পানির স্তর ৫ মিটার থাকায় স্লুইসগেট খুলে স্বাভাবিক পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।