
পার্বত্য চট্টগ্রামের তরুণ শিল্পীদের নিয়ে দিনব্যাপী আর্ট ক্যাম্প ও চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ‘পাহাড়ের প্রতিধ্বনি’ শীর্ষক এই আর্ট ক্যাম্পে ১২ জন শিল্পী অংশ নেন। রাজধানীর মিরপুরের কাজীপাড়ার মেট্রো স্টেশন-সংলগ্ন সিএইচটি কালিনারিতে এই আর্ট ক্যাম্প ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আর্ট ক্যাম্প সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয়। এটি উদ্বোধন করেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা। সিএইচটি কালিনারির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।
অংশগ্রহণকারী শিল্পীরা বলেন, এই আর্ট ক্যাম্প ও প্রদর্শনী পাহাড়ের প্রতিধ্বনি সমতল পর্যন্ত পৌঁছানোর প্রয়াস। পাহাড়ের নবীন চিত্রশিল্পীরা নানা রঙের মাধ্যমে ক্যানভাসে জুম পাহাড়কে তুলে এনেছেন। শিল্পীরা পাহাড়ের নিসর্গের সবুজ প্রকৃতি, জুম পাহাড়ের গল্প, আদিবাসীদের জীবনধারা, জীবিকা ও বৈচিত্র্য তুলে তুলছেন। এটা ইট-পাথরের যান্ত্রিক শহরবাসীর জন্য চিন্তার নতুন দিগন্ত খুলে দেবে।
আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা দুটো করে মোট ২৪টি ছবি আঁকেন। দিনব্যাপী চলা ক্যাম্পটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
ক্যাম্পে সংহতি জানাতে উপস্থিত হয়েছিলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকারকর্মী দীপায়ন খীসা এবং বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। তাঁরা তরুণ শিল্পীদের ছবি আঁকা দেখেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন।
নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, সরকারের সংশ্লিষ্টদের পাহাড়ের তরুণ চিত্রশিল্পীদের আর্থিক প্রণোদনা দেওয়া দরকার। তাঁদের কাজ দেশের চিত্রশিল্পের জন্য অফুরান সম্ভাবনা সৃষ্টি করবে।
দীপায়ন খীসা বলেন, পাহাড়ের তরুণ চিত্রশিল্পীদের এই আর্ট ক্যাম্প চালু রাখতে হবে। তিনি পাহাড়ি স্বাদের খাবার রেস্তোরাঁ সিএইচটি কালিনারিকে এ ধরনের উদ্যোগে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে রং-তুলির মাধ্যমে তুলে ধরতে তরুণ চিত্রশিল্পীরা যে আর্ট ক্যাম্পের আয়োজন করেছেন, সেটা অবশ্যই মহতী উদ্যোগ। তিনি তরুণ চিত্রশিল্পীদের কাজের সফলতা কামনা করেন।