চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে লেগুনাচালকের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীতে চাকা বিস্ফোরণে এক লেগুনাচালকের মৃত্যু হয়েছে। লেগুনার চাকায় হাওয়া দেওয়ার সময় এ বিস্ফোরণ হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লেগুনাচালকের নাম মো. সুজন মিয়া (২৬)।

লেগুনাটির মালিক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে লেগুনার চাকা ফুটো হয়ে হাওয়া বের হয়ে যায়। মেরামতের জন্য লেগুনাটি বেড়িবাঁধের একটি ফিলিং স্টেশনের পাশের দোকানে নিয়ে যায় সুজন। চাকা মেরামত শেষে বিস্ফোরণে চাকার কিছু অংশ সুজনের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, সুজনের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মহেশপুরে। তিনি রাজধানীর আজিমপুর বাটা মসজিদের পাশে থাকতেন।