তারেক–জুবাইদার বিরুদ্ধে দেওয়া ‘ফরমায়েশি রায়’ বাতিলের দাবি ঢাবি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের মানববন্ধন। আজ বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে
ছবি: শুভ্র কান্তি দাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডাদেশকে ‘ফরমায়েশি রায়’ অভিহিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। অবিলম্বে এ রায় বাতিলের দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনটি।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সাদা দলের এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তারেক–জুবাইদার বিরুদ্ধে ‘ফরমায়েশি রায়ের’ প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘অনির্বাচিত, ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক’ আখ্যা দেন বিএনপিপন্থী শিক্ষকেরা। তবে সেই সরকারের কাছেই তাঁরা ‘অত্যন্ত গণতান্ত্রিক আচরণ’ প্রত্যাশা করেন।

সাদা দলের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শিক্ষক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান বলেন, ‘অনির্বাচিত, ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক—এই সব ধরনের আচরণই বর্তমান সরকারের মধ্যে বিদ্যমান। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধী মতকে দমন করে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও সরকারের পক্ষের লোকদের আচরণ অগণতান্ত্রিক।’

তারেক ও জুবাইদার বিরুদ্ধে দেওয়া রায়ের প্রসঙ্গ টেনে লুৎফর রহমান বলেন, ‘হাজারো মামলা আদালতে ঝুলছে, আসামি-বাদীরা হাজিরা দিতে দিতে জুতা ক্ষয় হয়ে যাচ্ছে, টাকাপয়সা শেষ হয়ে যাচ্ছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলাটির প্রতিবেদন ১০০ বার পিছিয়েছে। অথচ তারেক রহমানের বিরুদ্ধে খুবই অল্প টাকার মামলা মাত্র ১৬ কার্যদিবসে শেষ করে ফরমায়েশি রায় দেওয়া হলো।’

সাদা দলের সদস্যসচিব মো. মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সাদা দলের সাবেক আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম, সাদা দলের নেতা ইয়ারুল কবীর, আবদুর রশীদ, মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আবদুস সালাম, শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।