সায়েদাবাদ বাস টার্মিনালে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ
ছবি: প্রথম আলো

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে মানুষ রাজধানী ছাড়ছে। বাস টার্মিনালগুলোতে তাই যাত্রীদের চাপও বেশ। যানজটের কারণে অনেক বাস সময় মতো এসে পৌঁছাতে পারছে না। এ অবস্থায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে গেলে যাত্রীরা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন।

পরিবহন খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পদ্মা সেতু পার হয়ে পোস্তগোলা আসতেই বাসগুলো বড় ধরনের যানজটের মধ্যে পড়ছে। অধিকাংশ বাসই সায়েদাবাদ আসতে চার থেকে পাঁচ ঘণ্টা দেরি করছে। এ ছাড়া পদ্মা সেতুর টোল প্লাজা, বরিশালসহ বিভিন্ন জায়গায় যানজট হচ্ছে। ঈদযাত্রার শেষ মুহূর্তে বাসের তুলনায় যাত্রী বেশি থাকায় বাড়তি ভাড়া আদায় সহজ হয়ে গেছে বলে মনে করছেন তাঁরা।

ঢাকা থেকে কুয়াকাটা রুটে চলাচলকারী বেপারি পরিবহন আজ সকাল থেকে মাত্র দুটি বাস ছেড়েছে। বেলা আড়াইটার দিকে ৩ নম্বর বাস ছাড়ার অপেক্ষায় ছিল। এ বাসে কোনো আসন ফাঁকা আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য বেপারি পরিবহনের কাউন্টারের সামনে অপেক্ষায় ছিলেন মো. ইলিয়াস। কিছুক্ষণ অপেক্ষার পর নিশ্চিত হন শেষের দিকে আসন আছে। পেছনের আসনে করে পটুয়াখালী যাওয়ার জন্যও তাঁকে এক হাজার টাকা দিতে হয়েছে।

পড়াশোনার পাশাপাশি একটি খণ্ডকালীন চাকরি করা মো. ইলিয়াস বলেন, ‘ঈদের আগে ৬০০ টাকায় পটুয়াখালীর কলাপাড়ায় যেতাম। আজকে এক হাজার টাকা দিয়ে যেতে হচ্ছে।’

ইলিয়াস বলেন, ‘বেপারি পরিবহন কুয়াকাটা পর্যন্ত যাতায়াত করলেও এখন তারা পটুয়াখালীর পরে আর যাবে না। আমি যাব কলাপাড়া পর্যন্ত। তাই আরেকটি বাস বা সিএনজি করে আমাকে পটুয়াখালী থেকে কলাপাড়া যেতে হবে।’

বেশ কয়েকজন যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন

বাড়তি ভাড়া কেন রাখছেন, জানতে চাইলে বেপারি পরিবহনের কাউন্টার ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা তো কম রাখছি, অন্যরা আরও বেশি রাখছে।’ তিনি আরও বলেন, ‘আজকে গাড়ি নাই। দুইটা গাড়ি ছাড়ছি। আরেকটা এখন ছাড়ব। গাড়ি পাইলেই যাত্রী ফুল।’

কিছু কিছু পরিবহন অনলাইনে নির্ধারিত ভাড়া রেখে অগ্রিম টিকিট বিক্রি করেছে। তবে যেসব পরিবহন অনলাইনে বা অগ্রিম টিকিট বিক্রি করেনি, সেসব পরিবহনই মূলত শেষ মুহূর্তে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে।

সায়েদাবাদ বাস টার্মিনালের কোনো কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টানানো হয়নি। ফলে কোন গন্তব্যে সরকার নির্ধারিত ভাড়া কত, তা অনেক যাত্রীরই অজানা থেকে যাচ্ছে। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করাও সহজ হয়ে গেছে।

গাজীপুরে কৃষিকাজ, কখনো শ্রমিক হিসেবে কাজ করেন আবুল কালাম। তাঁর বড় দুই ছেলেও বিভিন্ন কারখানায় কাজ করে। পরিবারের ছয় সদস্যকে নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে যেতে গাজীপুর থেকে সায়েদাবাদ আসেন আবুল কালাম। ইমা পরিবহন থেকে ৮০০ টাকা করে টিকিট পেয়ে অনেকটাই স্বস্তিতে তিনি। আবুল কালাম বলেন, অন্য পরিবহন আরও বেশি ভাড়া নিচ্ছে।

ইমা পরিবহনের কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়া তালিকা টানানো নেই। ইমা পরিবহনের কর্মী মো. সোহাগ শেখ বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টানানো না থাকলেও সবার ড্রয়ারে আছে। আমাদেরটা পাচ্ছি না, অন্যদেরটা হয়তো ড্রয়ারে আছে।’

সোহাগ শেখ বলেন, ‘ঢাকা থেকে বাগেরহাটের সরকার নির্ধারিত ভাড়া ৭২৮ টাকা। আমরা নিচ্ছি ৮০০ টাকা করে। ঈদ ছাড়া তো আমরা সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নিতে পারি না। বাগেরহাট আমরা ৫০০–৬০০ টাকা নিই অন্য সময়। তাই এখন একটু বেশি নিচ্ছি।’