বিএফটিআই ও ইআরএফ ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই শেষে নথি বিনিময় করেন বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আবিদ খান এবং ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা। কারওয়ান বাজার, ঢাকা। ৯ সেপ্টেম্বর ২০২৬
বিএফটিআই ও ইআরএফ ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই শেষে নথি বিনিময় করেন বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আবিদ খান এবং ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা। কারওয়ান বাজার, ঢাকা। ৯ সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য ও অর্থনীতি নিয়ে যৌথভাবে কাজ করবে বিএফটিআই ও ইআরএফ ইনস্টিটিউট

বাণিজ্য, অর্থনীতি, গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইনস্টিটিউট (ইআরএফ ইনস্টিটিউট)।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে অবস্থিত বিএফটিআইয়ের সম্মেলনকক্ষে এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আবিদ খান এবং ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা।

এই সমঝোতার আওতায় প্রতিষ্ঠান দুটি বাণিজ্য, অর্থনীতি ও ব্যবসাসংক্রান্ত নানা বিষয়ে যৌথভাবে সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক ও জাতীয়-আন্তর্জাতিক সম্মেলনের মতো জ্ঞান বিনিময়ের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। এর পাশাপাশি নীতিনির্ধারক, বাণিজ্যবিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, গবেষক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সরাসরি আলোচনা ও কার্যকর মতবিনিময়ের একটি উন্মুক্ত ক্ষেত্র তৈরি করা হবে।

অনুষ্ঠানে ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা বলেন, এই সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিএফটিআই ও ইআরএফ একসঙ্গে কাজ করবে।

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আবিদ খান বলেন, সমঝোতা স্মারকটি দুই প্রতিষ্ঠানের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে যৌথ গবেষণা, সেমিনার, কর্মশালা এবং অন্যান্য কার্যক্রম পরিচালনার একটি কাঠামো তৈরি করবে।

আবিদ খান আরও বলেন, বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনা এগিয়ে নিতে প্রতিষ্ঠান দুটি নিজেদের দক্ষতা, যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা কাজে লাগাবে।

এই অংশীদারত্বের ফলে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুতে নীতিনির্ধারক, গবেষক ও বেসরকারি খাতের অংশীজনদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও সংযোগ আরও বাড়বে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।