ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব

গাছ পড়েছে রাজধানীর অনেক স্থানে, ৪৭ জায়গা থেকে অপসারণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ধানমন্ডি ১০/এ সড়কে একটি গাছ রাস্তার ওপর পড়ে যায়
ছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর ধানমন্ডির ১০/এ সড়কে একটি গাছ পড়ে ছিল আড়াআড়িভাবে। এতে পুরো সড়কে বেলা একটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে এভাবে গাছ ভেঙে পড়েছে। দেশের অন্যান্য স্থানেও এ ঘটনা ঘটেছে। গাছ বৈদ্যুতিক খুঁটিতে পড়ে আগুন লেগে যায় অনেক স্থানে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যায়। কলাবাগান বাসস্ট্যান্ডের কাছে সড়ক বিভাজকের দুটি গাছ ভেঙে পড়েছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ দুটি কেটে নেন। গাছ পড়ে থাকার পরও পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল, এখানকার সড়কে চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

রাজধানীর কলাবাগানে সড়ক বিভাজকের একটি গাছ উপড়ে পড়ে

রাজধানীতে পড়ে যাওয়া গাছের মধ্যে অনেক স্থানে সড়ক বিভাজকের গাছ উপড়ে পড়ে। ধানমন্ডি ১১ নম্বরে একটি গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ফেলে। বেলা ১১টার দিকে সেখানে ফায়ার সার্ভিসের লোকজন এসে বিদ্যুতের খুঁটিটি সারাচ্ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, দেশের ৩২৯টি জায়গা থেকে তারা গাছ অপসারণ করেছে। এর মধ্যে রাজধানীর ৪৭টি স্থান থেকে গাছ অপসারণ করা হয়।

সাত মসজিদ রোডের আবাহনী মাঠের সামনে পড়ে যাওয়া গাছ অপসারণ করছেন ফায়ার সার্ভিসের এক কর্মী

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় চলার সময় প্রবল বাতাসে অনেক খুঁটির ওপর গাছ ভেঙে পড়ে। এতে অনেক স্থানে আগুন লেগে যায়। দেশে এমন আগুন লাগার ঘটনা ঘটে ৩৪টি। এর মধ্যে রাজধানীতে আগুন লাগার ঘটনা ঘটে ১৭টি স্থানে।