
রাজধানীর শ্যামপুরে ধোলাইপাড় এলাকায় পদচারী–সেতুর নিচে সড়কে গাড়ির ধাক্কায় সোহেল মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে।
সোহেল ধোলাইপাড় এলাকায় পরিবহনের লাইনম্যানের কাজ করতেন। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই ) রুম্মান হোসেন বলেন, আজ ভোর পাঁচটার দিকে ধোলাইপাড় এলাকায় সড়কে সোহেলকে পেছন থেকে যেকোনো একটি যানবাহন ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে সেখান থেকে পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সকাল ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুম্মান হোসেন বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, মৃত সোহেল লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তাঁর বাবা মৃত বিল্লাল হোসেন।
সোহেল শ্যামপুরের খন্দকার রোডে থাকতেন।