প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে আহত এক নিরাপত্তাকর্মীর হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

ওই ব্যক্তির নাম রেজাউল করিম (৫৫)। তিনি বেসরকারি একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। রেজাউলের গ্রামের বাড়ি বরিশাল। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, রেজাউল আজ ফজরের নামাজ পড়ার পর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অসাবধানতার জেরে এ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।