
শ্রমিক দলের সহসভাপতি মেহেদি হাসানকে (৫৪) গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তবে তাঁকে প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ থেকে নয়, ২০১৯ সালের ডিসেম্বরে শাহবাগ থানায় করা একটি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, বলেছে পুলিশ।
গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে মেহেদি হাসানসহ অন্তত ১২ জনকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানান এসএসপির প্রধান সমন্বয়ক প্রকৌশলী ফয়েজ হোসেন। গতকাল এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ আজ প্রথম আলোকে বলেন, গতকাল প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ থেকে কাউকে আটক করা হয়নি। গতকাল শাহবাগ থানার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ থেকে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক নজরুল ইসলামকেও (মোহন) আটক করা হয়নি, বলেছে পুলিশ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, গতকাল প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ ছিল। একপর্যায়ে পুলিশ সদস্যদের দেখে এক ব্যক্তি দৌড় দেন। তাঁকে আটক করার পর জানা যায়, তিনি শ্রমিক দলের নেতা। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।