
রাজধানীর বেইলি রোডে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। আজ রোববার রাত ১০টার দিকে বেইলি রোডে খাবারের দোকান কেএফসির সামনে রমনা থানা ছাত্রলীগ ও পল্টন থানা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে এই মারামারি হয়।
এতে গুরুতর আহত মফিজুল ইসলাম (২০) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মফিজুল শান্তিনগরের হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজের ছাত্র। তিনি পল্টন থানার শান্তিনগর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
মফিজুলের সহযোগীদের দাবি, তিন দিন আগে রমনা থানা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলামের অনুসারীরা বিকট আওয়াজ করে বেইলি রোডে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তখন মফিজুল ইসলামসহ কয়েকজন এর প্রতিবাদ করেন। সে সময় দুই পক্ষের মধ্যে এক দফা মারামারি হয়।
মফিজুলের বন্ধু তামিম প্রথম আলোকে বলেন, ‘আগের ওই ঘটনার মীমাংসার জন্য আমাদের ডাকা হয়েছিল। পরে অতর্কিত আমাদের ওপর হামলা করে।’ হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।