ঢাকা উত্তর সিটিতে জলাবদ্ধ পরিচ্ছন্নতাকর্মীদের ৭৮৪ পরিবার

বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে পরিচ্ছন্নতাকর্মীদের ৭৮৪টি পরিবার
ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধ হয়ে পড়েছে পরিচ্ছন্নতাকর্মীদের ৭৮৪টি পরিবার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন পরিচ্ছন্নতাকর্মীদের আবাসস্থল রাজধানীর গাবতলী সিটি কলোনিতে জলাবদ্ধতার কারণে বিড়ম্বনায় পড়েছেন এখানকার বাসিন্দারা। পানি জমে থাকায় রান্নাসহ স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটেছে। এ অবস্থায় সেচ দিয়ে পানি অপসারণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি করপোরেশন। তবে রাতের মধ্যে সমস্যার সমাধান না হওয়ায় হাজার হাজার মানুষের রাতের খাবারের ব্যবস্থা করেছে পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন।

মঙ্গলবার দুপুরে গাবতলী সিটি কলোনি এলাকায় গিয়ে জলাবদ্ধতার ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে। কলোনির ২৯টি গলির ৭৮৪টি ঘরের ভেতরই বৃষ্টির পানি ঢুকে পড়েছে। প্রতিটি গলির প্রবেশপথে প্রায় হাঁটুসমান পানি। আর শেষ প্রান্তের কিছুটা নিচু জায়গা, সেখানে রাস্তাতেই প্রায় বুকসমান পানি।

পরিচ্ছন্নতাকর্মীরা বলেছেন, গাবতলী সিটি কলোনিতে প্রায় পাঁচ হাজার বাসিন্দা রয়েছেন। জলাবদ্ধতার কারণে তাঁদের ঘরবাড়িতে পানি ঢুকেছে। এতে ভিজে গেছে ঘরের বিছানাপত্র থেকে শুরু করে অন্য আসবাব। ডুবে গেছে রান্নার চুলা। পানি উঠেছে শৌচাগার ও স্নানের ঘরেও। অনেকে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন পাশের নির্মাণাধীন ভবনে। রান্নার কোনো ব্যবস্থা না থাকায় অনেকে রুটি-কলা খেয়ে দিন যাপন করছেন।

ঘরের ভেতর পানিতে তলিয়ে গেছে

কলোনির ৩ নম্বর গলির পরিচ্ছন্নতাকর্মী শাহীন মোল্লা বলেন, ঘরের ভেতর গলাসমান পানি। তাই সোমবার সন্ধ্যায় ঘর ছেড়ে নির্মাণাধীন ভবনে রাত কাটাতে হয়েছে। রান্নার ব্যবস্থা না থাকায় রাতে ও সকালে রুটি–কলা খেয়ে থাকতে হয়েছে।

প্রায় ১৭ বছর ধরে কলোনির ১ নম্বর গলিতে বসবাস করছেন দুদু মিয়া আকন। তিনি বলেন, ‘এত বছরে কখনো এভাবে পানি জমেনি। কিছু জমলেও দ্রুত নেমে যেত। এবার পানি নামছেই না।’

ঢাকা ওয়াসার কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর জলাবদ্ধতা নিরসনে এখন পর্যন্ত সোয়া ৫৩ কোটি টাকা ব্যয় করেছে ডিএনসিসি। চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে আরও ৫১ কোটি টাকা। এত কিছুর পরেও রাজধানীতে জলাবদ্ধতার সমস্যা রয়েই গেছে। বৃষ্টি হলে এখনো ঢাকা উত্তর সিটির অনেক এলাকায় পানি জমে। এলাকাভেদে এর স্থায়িত্ব হয় কয়েক দিনও।

জানতে চাইলে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রথম আলোকে বলেন, কলোনির পাশে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণাধীন। সেখানে তাঁদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘরে পানি ঢুকে পড়ায় দিনভর চুলা জ্বলেনি। এমন হাজারো মানুষের জন্য রাতে খিচুড়ি রান্না করা হচ্ছে

মঙ্গলবার রাতে ঢাকা উত্তর সিটির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে জানান, পানি আগের চেয়ে প্রায় ৬ ইঞ্চির মতো কমেছে। তবে এখনো বেশির ভাগ বাসিন্দার ঘরের ভেতর পানি রয়ে গেছে। পানির কারণে রান্নার উপায় না থাকায় খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকায় সোমবার ২৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি থেমে যাওয়ার প্রায় ২০ ঘণ্টা পরেও ঢাকা উত্তর সিটি অন্তত ১২টি এলাকায় জলাবদ্ধতা রয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই সব এলাকা থেকে পানি সরেনি বলে জানা গেছে।

রাতেও জলাবদ্ধ হয়ে থাকা ঢাকা উত্তর সিটির এলাকাগুলো হচ্ছে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদিয়া হোমস, নবোদয় হাউজিং, শ্যামলী হাউজিং, মনসুরাবাদ হাউজিং, গাবতলী সিটি কলোনি, গৈদারটেক, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, টোলারবাগ, লালকুঠি, তুরাগের হরিরামপুর, কামারপাড়া, দক্ষিণখানের মেডিকেল সড়ক, নগরিয়াবাড়ি এলাকা এবং উত্তরখান এলাকা।