ট্রেনে কাটা পড়ে উন্নয়ন সংস্থার কর্মীর মৃত্যু

নূর-এ-আলম তৈমুর
ছবি: সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর ফেসবুক পেজ থেকে নেওয়া

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম নূর-এ-আলম তৈমুর (৩৫)।

তৈমুর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর ‘সংযোগ’ প্রকল্পে কর্মরত ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, খিলক্ষেত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তৈমুর।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরিচয় জানার পর পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৈমুরের স্ত্রী রুমী আক্তারসহ স্বজনেরা। স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী আজ সকালে খিলক্ষেতের ব্যাপারীপাড়ার বাসা থেকে অফিসের উদ্দেশে বের হয়েছিলেন।

এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তৈমুরের লাশ হস্তান্তর করা হয়েছে।

তৈমুরের অকালমৃত্যুতে শোক জানিয়েছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ।