কামরাঙ্গীরচরে বাসা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফজল মিয়া (৫০)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচরের ভান্ডারির মোড়ের একটি বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ফজল মিয়া শারীরিক প্রতিবন্ধী ছিলেন। ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন তিনি। তবে তাঁর স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর গ্রামের বাড়ি রংপুরে। বাবার নাম আবদুল বারী।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক অনিরুদ্ধ রায় প্রথম আলোকে বলেন, কক্ষটি তালাবদ্ধ ছিল। ঘরের ভেতর থেকে গন্ধ পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি থানাকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।