
আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আয়োজিত হতে যাচ্ছে ভিন্নধর্মী দুটি অনুষ্ঠান—‘বর্ণমেলা’ ও ‘রংতুলিতে ভালোবাসি বাংলাদেশ’। বাংলা বর্ণ নিয়ে সৃজনশীল আয়োজন বর্ণমেলা রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল নয়টায় শুরু হবে।
চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। প্রথম আলোর আয়োজনে বর্ণমেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। সহযোগিতা করছে সেপনিল, সুপারমম ও এটিএন বাংলা।
দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা, বর্ণ মুখোশ, বর্ণ আড্ডা, বর্ণ ধাঁধা। অনুষ্ঠানে বর্ণ বানানোর প্রতিযোগিতা ‘বর্ণ কারিগরে’ অংশগ্রহণকারীদের পাঠানো বর্ণ দিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।
এ ছাড়া মায়ের কাছে চিঠি লেখা প্রতিযোগিতার সেরা ১০টি চিঠি মূল মঞ্চে পাঠ করবে বিজয়ীরা। ‘বর্ণমেলায় গাও দেশের গান’ প্রতিযোগিতায় সেরা ১০ প্রতিযোগী আজ বর্ণমেলার মূল অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাতেখড়ি নেওয়ার সুযোগ। হাতেখড়ি হবে বিশিষ্ট মানুষদের হাতে। এসবের পাশাপাশি থাকবে কাগজের ইশকুল, নাগরদোলা, সিসিমপুর, গুফি ওয়ার্ল্ড, জলপুতুল, ঢাকা পাপেট থিয়েটার, ইকরিমিকরি, জাদু ও গানসহ নানা আয়োজন। দেশের সেরা লেখক, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।
অপরদিকে ঢাকার মাদানী অ্যাভিনিউর ইউনাইটেড সিটির শেফস টেবিল কোর্টসাইডের প্রথমা বুক ক্যাফে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে রংতুলিতে ভালোবাসি বাংলাদেশ শিরোনামের আয়োজন। সকাল নয়টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়ে অনুষ্ঠান চলবে দুপুর ১২টা পর্যন্ত।
ছবি আঁকার সরঞ্জাম নিয়ে এসে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। অনুষ্ঠানে আরও থাকবে ভাষার গান, সিসিমপুর, জলপুতুলের পাপেট শো ও জাদু প্রদর্শনী। প্রথমা বুক ক্যাফের সৌজন্যে এ অনুষ্ঠানে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
দুটি অনুষ্ঠানেই প্রথম আলোর সব পাঠকের আমন্ত্রণ।