ফরিদাবাদ আইজি গেট এলাকায় সরকারি এই জায়গায় ছিল অবৈধ স্থাপনা। সম্প্রতি সেসব উচ্ছেদ করা হয়। ৮ অক্টোবর
ফরিদাবাদ আইজি গেট এলাকায় সরকারি এই জায়গায় ছিল অবৈধ স্থাপনা। সম্প্রতি সেসব উচ্ছেদ করা হয়। ৮ অক্টোবর

রাজধানীর ফরিদাবাদে উদ্ধার করা জায়গায় এক মাসের মধ্যে হবে খেলার মাঠ: ডিএসসিসি

রাজধানীর ফরিদাবাদে দখল থেকে উদ্ধার করা সরকারি জায়গায় শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে মাঠ নির্মাণ শেষ করে তিনি নিজেই সেটি উদ্বোধন করবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরিদাবাদসংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক এ ঘোষণা দেন।

ডিএসসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় সম্প্রতি সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সংস্থাটির দাবি, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে জায়গাটি দখল করে সেখানে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল।

এ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জায়গাটি দখল করে রাখা হয়েছিল। সেখানে মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র গড়ে উঠেছিল। উচ্ছেদের মাধ্যমে এলাকাবাসী দীর্ঘদিনের একটি ‘বিষফোড়া’ থেকে মুক্তি পেয়েছেন। এখন সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। জায়গা পর্যাপ্ত পাওয়া গেলে একটি কমিউনিটি সেন্টারও নির্মাণ করা হতে পারে।

সরকারি জায়গা উদ্ধারে সহযোগিতা করায় ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান ডিএসসিসি প্রশাসক।

ডিএসসিসির দাবি, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে জায়গাটি দখল করে সেখানে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল।

এলাকাকে মাদকমুক্ত রাখতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রশাসনের সদিচ্ছা এবং এলাকার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে অনেক কঠিন কাজও করা সম্ভব। এ সময় এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদেরও নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে ৪৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নকাজের হিসাব তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, ওয়ার্ডটিতে বর্তমানে ১১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ওয়ার্ডে ১৫ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে আবদুস সালাম বাংলাদেশ ব্যাংক কলোনি ও আশপাশ এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং ফুটপাত ও রাস্তার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। উদ্ধার করা সরকারি জায়গায় তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

ফরিদাবাদসংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক । ৮ অক্টোবর

পরে বাংলাদেশ ব্যাংক কলোনিতে মশার লার্ভা ধ্বংসে পরিচালিত কার্যক্রমেও অংশ নেন ডিএসসিসি প্রশাসক। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান, ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।