মিরপুর এলাকায় থাকা গুদাম দুটিতে গত ডিসেম্বরে চুরি হয়। দুর্যোগকালে জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার দরকারি সরঞ্জাম রাখা ছিল এতে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সরঞ্জাম রাখার দুটি গুদামে (ওয়্যারহাউস) চুরি হয়েছে। দুটি চুরির ঘটনা ঘটেছে গত ডিসেম্বরে। তবে এসব চুরির ঘটনায় কত টাকার জিনিসপত্র খোয়া গেছে, তার সঠিক হিসাব বলতে পারছে না কেউ।
ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা বলছেন, ওয়্যারহাউসগুলোতে দীর্ঘদিন ধরে বন্ধ ও অব্যবহৃত অবস্থায় ছিল। তাই চুরির ঘটনার আগে ভেতরে ঠিক কী জিনিসপত্র ছিল, তা জানা নেই। ফলে কত টাকার জিনিসপত্র খোয়া গেছে, এর সঠিক হিসাবও বলা কঠিন। এ ব্যাপারে থানায় করা অভিযোগে আনুমানিক একটি হিসাব দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটির আরবান রিজিলিয়েন্স প্রকল্পের আওতায় ওই ওয়্যারহাউস দুটিতে নির্মাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনে রাখা হয়েছিল। মূলত কোনো দুর্যোগকালে জরুরি উদ্ধার কার্যক্রমের পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য দরকারি সরঞ্জাম এতে রাখা হয়।
ওয়্যারহাউস দুটির অবস্থান রাজধানীর মিরপুর এলাকায়। একটি ঢাকা উত্তর সিটির অঞ্চল-২–এর আওতায়, যেটিতে চুরি হয়েছে গত ৮ ডিসেম্বর। অন্যটি অঞ্চল-৪–এর আওতাধীন, সেখানে ঠিক কবে চুরির ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। ৩১ ডিসেম্বর সকালে ওয়্যারহাউসের পেছনের জানালা দিয়ে দুই পথশিশুকে ভেতর থেকে বের হতে দেখেন মেট্রোরেলের কর্মীরা। পরে সিটি করপোরেশনের কর্মীরা তালা খুলে ভেতরে গিয়ে কিছু কিছু সরঞ্জাম পাননি।
ওয়্যারহাউস পরিচালনায় প্রতিটি অঞ্চলে আট সদস্যের একটি দল (জোনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম) রয়েছে।
আরবান রিজিলিয়েন্স প্রকল্পের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৫টি করে এ রকম মোট ১০টি ওয়্যারহাউস করা হয়েছে। একেকটি ওয়্যারহাউস ৫৩টি ধরনের উদ্ধার সরঞ্জাম রয়েছে। যেগুলো কিনতে প্রায় কোটি টাকা ব্যয় হয়েছে।
অঞ্চল-২–এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, যেসব সরঞ্জাম ওয়্যারহাউসে থাকার কথা, তা বিবেচনায় নিয়ে চুরি যাওয়া জিনিসপত্রের একটি তালিকা তৈরি করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী প্রায় ২০টি জিনিস খোয়া গেছে। এগুলোর মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ বিষয়ে অঞ্চল-৪–এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে একজন বলেন, তিনি চুরির ঘটনা সম্পর্কে অবগত নন। অন্য দুজন ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও জবাব পাওয়া যায়নি।
অঞ্চল-২–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, চুরির ঘটনায় প্রথমে জিডি করা হয়েছিল, পরে মামলা হয়। একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
অঞ্চল-৪–এর সহকারী প্রকৌশলী (পুর) ইশতিয়াক মাহমুদের কাছে চুরির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, চুরি যে ঘটেছে, তা তিনি জানেন না।
ওই অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি। পরে খুদে বার্তা পাঠানো হলেও জবাব দেননি তাঁরা।