
বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। এ জয়ের মধ্য দিয়ে দলটির বিশ্বকাপের পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা বাড়ল। খেলা শেষে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হর্ষধ্বনি, আর্জেন্টিনার পতাকাসহ মোটরসাইকেল শোডাউন ও ভুভুজেলা বাঁশি বাজিয়ে আর্জেন্টিনার সমর্থকেরা উদ্যাপন করলেন বিজয়।
আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার খেলা শুরু হয় শনিবার দিবাগত রাত একটায়। শেষ হয় রাত তিনটার কয়েক মিনিট আগে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে দুটি গোলের দেখা পায় আর্জেন্টিনা।
মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সৌজন্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় এবারের বিশ্বকাপের সব খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও তার আশপাশেও আছে খেলা দেখার ব্যবস্থা। পছন্দের দলের খেলা দেখতে রোজই ক্যাম্পাসে ভিড় জমছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে থাকছেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ।
আর্জেন্টিনা-মেক্সিকোর খেলা দেখতে খেলা দেখতে রাত পৌনে ১১টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ও মুহসীন হলের মাঠে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনার সমর্থকেরা। আর্জেন্টিনার পতাকাসহ ক্যাম্পাসের সড়কে পিক আপ ভ্যান ও মোটরসাইকেলের শোডাউন দেন সমর্থকেরা। সঙ্গে বাজছিল ভুভুজেলা বাঁশি। সমর্থকেরা টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে আর্জেন্টিনার বড় আকারের একটি পতাকা উড়িয়ে আর্জেন্টিনার পক্ষে নানা স্লোগান দেন। সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের সামনে আতশবাজি ফোটান তাঁরা।
পরে বিক্ষিপ্তভাবে ও দল বেঁধে ক্যাম্পাস এলাকায় খেলা দেখতে আসেন হাজারো মানুষ। কেউ এসেছিলেন সপরিবার, কেউ বন্ধুদের নিয়ে। নারী-পুরুষ, যুবক-যুবতী, তরুণ-তরুণী, মধ্যবয়স্ক-সব পর্যায়ের মানুষই এসেছিলেন খেলা দেখতে। আর্জেন্টিনার জার্সি গায়ে বাবা-মায়ের সঙ্গে এসেছিল শিশুরাও। রাত ১২টার মধ্যেই লোকে লোকারণ্য হয়ে ওঠে টিএসসিসহ ক্যাম্পাস এলাকা।
রাত একটায় খেলা শুরু হওয়ার পর প্রথমার্ধে আর্জেন্টিনা গোলের তেমন সুযোগ তৈরি করতে না পারায় সমর্থকেরা ছিলেন প্রায় নীরব। এ সময় ভুভুজেলার শব্দও কম শোনা যাচ্ছিল। খেলার দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়। টিএসসি ও মুহসীন হলের মাঠে কয়েক মিনিট ধরে হর্ষধ্বনি ও ভুভুজেলা বাঁশি বাজিয়ে গোল উদ্যাপন করেন আর্জেন্টিনার সমর্থকেরা। এরপর থেকে আর্জেন্টিনা যখনই গোলের ছোট-বড় কোনো সুযোগ তৈরি করছিল, তখনই ভুভুজেলা ও হর্ষধ্বনি দিচ্ছিলেন সমর্থকেরা। ৮৭ মিনিটে আরেকটি গোল করলে আর্জেন্টিনার সমর্থকদের উদ্যাপন চলে কয়েক মিনিট ধরে।
রাত তিনটার কয়েক মিনিট আগে যখন রেফারির শেষ হুইসিল বেজে ওঠে, এর পরের প্রায় ১০ মিনিট টিএসসি এলাকায় বিরতিহীনভাবে ভুভুজেলা বাঁশি বাজান সমর্থকেরা। এর মধ্যেই সমর্থকদের একাংশ টিএসসিতে স্থাপিত ডিজিটাল স্ক্রিনের সামনে মেতে ওঠেন উল্লাসে। আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি অংশ রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে প্রিয় দলের জয়ের আনন্দে ভুভুজেলা ও হর্ষধ্বনিতে মাতেন। এ সময় তাঁরা 'মেসি, মেসি' বলে স্লোগানও দেন। টিএসসি এলাকায় ঘণ্টাখানেক ধরে চলে আর্জেন্টিনার বিজয় উদ্যাপন।
রাজু ভাস্কর্যের সামনে যখন এই উদ্যাপন চলছিল, তখন এর কাছে দাঁড়িয়ে ছিলেন আর্জেন্টিনার সমর্থক ও ভ্রাম্যমাণ দোকানি আবুল কালাম। ম্যাচ শুরুর আগে তিনি বলেছিলেন আর্জেন্টিনা জিতবে। এবার বললেন, ‘খেলা দেখেছি। আমার ধারণা ছিল, আর্জেন্টিনা ৩-০ গোলে জিতবে। কিন্তু আজকে অন্য প্লেয়াররা মেসির সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারেনি। পারলে কমপক্ষে পাঁচটা গোল হতো। তারপরও আর্জেন্টিনা যেহেতু জিতেছে, সাপোর্টার হিসেবে আমি আনন্দিত। আশা করি, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে। মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়ের এটা শেষ বিশ্বকাপ। তাই আর্জেন্টিনার বিশ্বকাপটা নেওয়া দরকার।’