উত্তরা দিয়াবাড়ি হাট পরিদর্শনে আসবেন প্রতিমন্ত্রী—এমন খবর পাওয়ার পর হাট এলাকায় হঠাৎ করেই শুরু হয়েছে জোরদার পরিচ্ছন্নতা কার্যক্রম
উত্তরা দিয়াবাড়ি হাট পরিদর্শনে আসবেন প্রতিমন্ত্রী—এমন খবর পাওয়ার পর হাট এলাকায় হঠাৎ করেই শুরু হয়েছে জোরদার পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রতিমন্ত্রী আসবেন, তাই হঠাৎ শুরু হাটের পরিচ্ছন্নতা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আজ বুধবার বিকেলে উত্তরা দিয়াবাড়ি হাট পরিদর্শনে আসবেন—এমন খবর পাওয়ার পর হাট এলাকায় হঠাৎ করেই শুরু হয়েছে জোরদার পরিচ্ছন্নতা কার্যক্রম। তবে দুপুর পর্যন্ত উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিজে হাটের বর্জ্য ও ময়লা-আবর্জনা পড়ে ছিল। প্রতিমন্ত্রী ও প্রশাসক যাওয়ার আগে সেখানে পরিচ্ছন্নতার কাজে নামেন সিটি করপোরেশনের কর্মীরা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটায় প্রতিমন্ত্রী ও প্রশাসকের হাট পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে বেলা ১টা ২০ মিনিটের দিকে সিটি করপোরেশনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জরুরি বার্তা দিয়ে সংবাদ সংগ্রহের জন্য জানানো হয়।

এর কিছুক্ষণ পর, সোয়া দুইটার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা হাটে এসে কাজ শুরু করেন। বেলা আড়াইটার দিকে একটি পে-লোডার আনা হয়। এরপর দ্রুতগতিতে সড়কে জমে থাকা বর্জ্য অপসারণ, ময়লা পরিষ্কার এবং হাটের বিভিন্ন অংশ পরিচ্ছন্ন করার কাজ চলতে থাকে।

সরেজমিনে দেখা যায়, পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমান। তাঁর সঙ্গে রয়েছেন উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া। তাঁদের তত্ত্বাবধানে কর্মীরা হাটের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন।

বেলা আড়াইটার দিকে দেখা যায়, পে-লোডার দিয়ে সড়কের জমে থাকা বর্জ্য অপসারণ করা হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে হাটের বিভিন্ন অংশ পরিষ্কার করছেন। কর্মকর্তারাও মাঠে উপস্থিত থেকে কাজ তদারক করছেন।

হাটের ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে হাটের বিভিন্ন স্থানে বর্জ্য জমে থাকলেও আজ হঠাৎ করেই ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। তাঁদের ভাষ্য, উচ্চপর্যায়ের এই পরিদর্শনকে সামনে রেখেই তড়িঘড়ি করে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।