মিরপুরে ইপিলিয়নের কারখানায় দুই দিনের ছুটি ঘোষণা

মিরপুর এলাকার সড়কে আজ বুধবারও পোশাকশ্রমিকেরা বিক্ষোভ দেখাচ্ছেন
ছবি: সাজিদ হোসেন

রাজধানীর মিরপুরে ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড কারখানায় দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ থেকে ২ নভেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণার বিষয়টি নোটিশ দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ। নোটিশ জারির তারিখ হিসেবে ৩১ অক্টোবরের উল্লেখ রয়েছে।

মজুরি বাড়ানোর আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে কারখানায় দুই দিনের ছুটি ঘোষণা করল ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড।

আজ বুধবারও মিরপুর এলাকার সড়কে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা মজুরি বাড়ানোর দাবি জানাচ্ছেন। শ্রমিকদের ওপর হামলার বিচার দাবি করছেন।
সরেজমিন দেখা যায়, আজ সকালের দিকে মিরপুর-১১ নম্বরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা।

সকাল ৮ থেকে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বরের মেট্রোরেল এলাকায় সড়ক অবরোধ করেন। এতে সকাল থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের ভাষ্য, গতকাল মঙ্গলবার সকালে ইপিলিয়নের একটি কারখানায় ঢুকে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির নেতৃত্বে হামলা হয়। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হন।

হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারসহ অন্যান্য দাবিতে আজ সকাল থেকে আবার সড়কে নেমে আসেন শ্রমিকেরা।

গতকালও শ্রমিকেরা দিনভর সড়কে বিক্ষোভ দেখিয়েছিলেন। শ্রমিকদের ভাষ্য, গতকাল আওলাদ হোসেন নামের যুবলীগের এক নেতা আগ্নেয়াস্ত্র হাতে মাঠে নেমেছিলেন। তিনি কয়েকটি গুলিও করেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ সকালের বিক্ষোভে ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড ছাড়াও বিভিন্ন কারখানার শ্রমিকেরা যোগ দিয়েছেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সড়ক ছেড়ে যাবেন না।
ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেডের এক শ্রমিক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। তাই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।

ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেডের আরেক শ্রমিক প্রতিনিধি সুমাইয়া আক্তার প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ঘটনার সূত্রপাত হয় পল্লবীতে এই প্রতিষ্ঠানের একটি কারখানার কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে।

অন্য কারখানার শ্রমিকদের আন্দোলনে ইপিলিয়নের কর্মীরা যুক্ত হতে পারেন—এমন আশঙ্কা থেকে তাঁদের বের হতে দেওয়া হচ্ছিল না। কারখানাটির আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনুসারীরা শ্রমিকদের ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে ইপিলিয়নের কর্মীদের সঙ্গে তাঁদের প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে পোশাককর্মীদের ওপর তাঁরা হামলা করেন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল থেকে পোশাকশ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’