উদ্ধার করা সরকারি খাসজমিতে মালিকানাসংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করেন ডেমরা রাজস্ব সার্কেলের কর্মকর্তারা। বাড্ডা, ঢাকা, ৪ আগস্ট
উদ্ধার করা সরকারি খাসজমিতে মালিকানাসংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করেন ডেমরা রাজস্ব সার্কেলের কর্মকর্তারা। বাড্ডা, ঢাকা, ৪ আগস্ট

বাড্ডায় ২১ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

রাজধানীর বাড্ডা থানা এলাকায় ১৪ দশমিক ৬ শতাংশ খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ২১ কোটি টাকা বলে জানানো হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ডেমরা রাজস্ব সার্কেল অভিযান চালিয়ে জমিটি সরকারি নিয়ন্ত্রণে নেয়।

ঢাকা জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার করা সরকারি খাসজমিটি বাড্ডা থানার উত্তর নন্দীপাড়া মৌজার অন্তর্গত। জায়গাটি আফতাবনগরে ইস্টার্ন হাউজিংয়ের ‘এম’ ব্লকের ২ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে অবস্থিত। কোম্পানিটির তৈরি লেআউট প্ল্যানের ভেতরেই এই সরকারি খাসজমিটি ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ওই জমিতে থাকা অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হয়। সরকারের মালিকানাসংক্রান্ত সাইনবোর্ড ঝুলিয়ে জমিটি জেলা প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়। অভিযানে ডেমরা রাজস্ব সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ দখল উচ্ছেদ এবং খাসজমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।