শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ বুধবার সন্ধ্যায়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ বুধবার সন্ধ্যায়

শাহবাগ মোড় অবরোধে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়া ও ভুল প্রশ্ন নিয়ে ক্ষুব্ধ একদল শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

বেশ কিছু শিক্ষার্থী আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। সেখানে তাঁরা কিছুক্ষণ অবস্থান করেন। পরে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের দিকে রওনা দেন। বিকেল ৪টার দিকে তাঁরা শিক্ষা ভবনের সামনে এসে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। পরে সেখানেই অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁরা শাহবাগ মোড়ের দিকে আসেন।

শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ মোড় দিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আজ বুধবার সন্ধ্যায়

শাহবাগে অবস্থান কর্মসূচিতে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী রোহান হাসনাত জিহাদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি এখন একটাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলা করছে, তাকে পদত্যাগ করতে হবে।’