হাতিরঝিল লেকে মিলল যুবকের লাশ

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক প্রথম আলোকে বলেন, হাতিরঝিল মধুবাগ ব্রিজ থেকে মগবাজারে যাওয়ার পথে আমবাগান এলাকার উল্টো পাশের লেকে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

পরে লাশ উদ্ধার করা হয়। লাশের পরনে একটি প্যান্ট ছিল। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

এডিসি হাফিজ আল ফারুক বলেন, ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি খুনের শিকার হয়েছেন, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।