অভিন্ন বই পাঠ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে
অভিন্ন বই পাঠ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে

বেসরকারি গ্রন্থাগারের উদ্যোগে অভিন্ন বই পাঠ কার্যক্রমের উদ্বোধন

বেসরকারি গ্রন্থাগারের উদ্যোগে বই পড়া আন্দোলন ছড়িয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে অভিন্ন বই পাঠ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আজ মঙ্গলবার। কবি মিনার মনসুরের তিনটি বই নিয়ে বাংলাদেশের ৫০টি বেসরকারি গ্রন্থাগার এ কার্যক্রমে অংশ নেয়।

বই পাঠ কার্যক্রম উদ্বোধন করেন বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। দনিয়া পাঠাগারের সভাপতি শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান, অনুষ্ঠানে বক্তব্য দেন কবি মিনার মনসুর।

বই পাঠ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক

বই তিনটি হলো ‘এক অনন্য পিতা-পুত্রীর গল্প’ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), ‘মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধা’ (নবম থেকে দ্বাদশ শ্রেণি), ‘নির্বাচিত কবিতা’ (বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য)।

পাঠাগারগুলোর নিজস্ব অর্থায়নে এ পাঠ কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং পাঠাগারগুলো আগামী দুই মাসব্যাপী এ পাঠ কার্যক্রম চালাবে। আগামী নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে সেরা পাঠকদের পুরস্কার প্রদান করা হবে।

ছবি: বিজ্ঞপ্তি

মফিদুল হক এ পাঠ কার্যক্রমটি আরও ব্যাপক পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। কাজী আলিম-উজ-জামান পাঠাগারের উদ্যোক্তাদের নিজেদের বই পড়ার বিষয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত পাঠাগার প্রতিনিধিরা বক্তব্য দেন। এ ছাড়া মিনার মনসুরের কবিতা থেকে পাঠ করেন অপরাজিতা রিপা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জয়া রহমান। বিজ্ঞপ্তি