
মানুষের নানা কর্মকাণ্ডে পদ্মায় প্রতি বছর ভাঙন বাড়ছে বলে মন্তব্য করেছেন লেখক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রতি বছর পদ্মায় পরিবর্তন হচ্ছে। নাসার স্যাটেলাইট ছবিতে গত ৫০ বছরের পদ্মা দেখেছি। প্রতি বছর পদ্মায় ভাঙন হচ্ছে, মানববসতি ভেঙে যাচ্ছে। বাঁধসহ পদ্মায় মানুষের নানা হস্তক্ষেপের কারণে এখন এটা বাড়ছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা লিটারারি ফেস্টিভ্যালের (লিট ফেস্ট) দশম আসরের প্রথম দিন বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘দ্য গ্রেট পদ্মা: দ্য মেকিং অব দ্য বুক’ শীর্ষক আলোচনায় সৈয়দ মনজুরুল এ মন্তব্য করেন।
সেতুর মেয়াদকাল আছে, নদীর নেই মন্তব্য করে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বন উজাড় বেড়েছে। নদীভাঙনও হচ্ছে। এই মাটি পদ্মা হয়ে বঙ্গোপসাগরে যাচ্ছে। সাগরে চর জাগছে।
সেতুর মেয়াদকাল আছে, নদীর নেই মন্তব্য করে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, বন উজাড় বেড়েছে। নদীভাঙনও হচ্ছে। এই মাটি পদ্মা হয়ে বঙ্গোপসাগরে যাচ্ছে। সাগরে চর জাগছে।
পদ্মা কেবল একটি নদী নয়, এটা একটা শক্তি উল্লেখ করে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, এটি কৃষি, মাছ ও প্রাণীকে টিকিয়ে রেখেছে। পদ্মা সব পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করে রেখেছে। একজন আলোকচিত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন একটি ছবির জন্য।
দ্য গ্রেট পদ্মা বইটি সম্পাদনা করেছেন কাজী খালিদ আশরাফ। তিনি বলেন, বইটি তৈরি করতে করোনার সময় পুরো দুটি বছর লেগেছে। এতে ১৪টি প্রবন্ধ রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে এটি বাজারে আসবে।
আলোচনায় তারিখ ওমর আলী বলেন, ঔপনিবেশিক সময়ে পদ্মা ছিল বিশ্ববাণিজ্যের বড় হাইওয়ে।
সঞ্জয় রায় বলেন, দেড় শ মিলিয়ন বছর আগে ভারতে একটি আইল্যান্ড ছিল। এরপর যখন হিমালয় পর্বত জাগতে শুরু করে, যখন যথেষ্ট জেগে যায়, তখন দুটি ভিন্ন পানিপ্রবাহ বইতে থাকে হিমালয় থেকে। এর একটি ব্রহ্মপুত্র, অন্যটি পদ্মা। আমাজনের পর পদ্মা নদীই সবচেয়ে বেশি পানি বহন করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লুভা নাহিদ চৌধুরী।
আজ শুরু হওয়া চার দিনের লিট ফেস্টে উপস্থিত থাকছেন পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ ও বক্তা।
দেশি-বিদেশি সাহিত্য, সংস্কৃতি, ভাষা, চিকিৎসা, উদ্ভিদবিজ্ঞান থেকে শুরু করে শিশুদের বিনোদন নিয়ে এই শিল্পী-সাহিত্যিকেরা আলোচনা করবেন। আলোচনা হবে ১৭৫টির বেশি পর্বে। এ সাহিত্য উৎসব চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।