
রাজধানীর কদমতলী এলাকা থেকে এক নারী ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম লতিফা বিনতে মাহবুব (৩৪)। সোমবার সকালে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকেরা জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত ছিলেন ওই নারী। ঘটনার রাতে তিনি তাঁর এক প্রতিবেশীর বাসায় ছিলেন। সেখানে সোমবার সকালে বন্ধ দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশী। তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মোতালেব হোসেন নামের ওই নারীর এক প্রতিবেশী জানান, কদমতলীর দক্ষিণ দনিয়ার মিনাবাগ এলাকার মাহবুবুর রহমানের মেয়ে লতিফা। সাত বছর আগে তাঁর বিয়ে হয়। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। এ ছাড়া জমির মালিকানা নিয়ে তাঁর বাবা ও চাচাদের মধ্যে বিরোধ চলছিল। জমিসংক্রান্ত বিষয়ে আলাপ করতেই গত রোববার তাঁর বাসায় যান লতিফা। তাঁর স্ত্রীর সঙ্গে লতিফার সুসম্পর্ক ছিল। এ রাতে তিনি সেখানেই থেকে যান।
সোমবার সকালে লতিফাকে ডেকে কোনো সাড়া পাচ্ছিলেন না জানিয়ে মোতালেব বলেন, এরপর ঘরে ঢুকে তাঁরা দেখতে পান ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন লতিফা। বেঁচে আছেন ভেবে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নারীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।