নয়াপল্টনে সংঘর্ষ

নিহত মকবুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

মকবুল হোসেন
ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় নিহত মকবুল হোসেনের লাশের ময়নাতদন্ত আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জানাজা শেষে আজ রাতে মকুবলের লাশ পল্লবীর কালশী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় জুতার নকশার কারিগর মকবুল নিহত হন। এতে পুলিশসহ বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মকবুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। বিএনপি মকবুলকে স্বেচ্ছাসেবক দলের নেতা দাবি করলেও পরিবার বলেছে তিনি বিএনপির সমর্থক ছিলেন।

আজ সকালে মকবুল হোসেনের স্ত্রী হালিমা বেগম তাঁর সন্তান শিশু মিথিলা ও স্বজনদের নিয়ে স্বামীর লাশ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যান। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মকবুলের শোকার্ত স্ত্রীকে সান্ত্বনা দিতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে যান। হালিমা বেগম মির্জা ফখরুলকে উদ্দেশ করে বলেন, ‘আমাকে কে দেখবে, আমার সন্তানকে কে দেখবে বলে কান্নায় ভেঙে পড়েন।’

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি, থাকব।’ এর অল্প সময় পর মির্জা ফখরুল মর্গ ছেড়ে চলে যান।

হালিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, তাকে তো আর ফেরত পাব না।’ স্বামী হত্যার মামলা করবেন কি না, সাংবাদিকেরা জানতে চাইলে হালিমা বলেন, ‘কার বিরুদ্ধে মামলা করব। মামলা কে চালাবে। পল্টন থানার পুলিশ মকবুলের মুঠোফোনটি নিয়ে গেছে। সেই মুঠোফোনটি পুলিশের কাছে ফেরত চেয়েছিলাম, এতিম মিথিলার মুখের দিকে তাকিয়ে ফোনটি পুলিশ ফেরত দেবে বলে আশা করছিলাম। কারণ, এই ফোন দিয়ে পাওনা টাকার তাগাদা দিতেন মকবুল।’    

মকবুলের ভাই নুর হোসেন প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই আতঙ্কে আছি। মামলার বিচার তো আর পাব না।’ এ সময় মর্গে উপস্থিত মকবুলের একমাত্র সন্তান ছোট্ট মিথিলার চোখ ছলছল করছিল।    

ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে আজ সন্ধ্যায় মকবুলের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক সোহেল মঞ্জুরি মকবুলের ময়নাতদন্তের ফল নিয়ে কথা বলতে রাজি হননি।

মকবুল হোসেনের ভাই নুর হোসেন বলেন, মকবুল তাঁর স্ত্রী ও সন্তান নিয়ে পল্লবীর বাউনিয়াবাদ এ ব্লকে থাকতেন। মকবুলের লাশ সেখানে জানাজা দেওয়ার পর কালশী কবরস্থানে দাফন করা হবে।