মেট্রোরেল
মেট্রোরেল

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে যেসব পরিবর্তন থাকবে

পবিত্র ঈদুল আজহায় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাত দিন সরকারি ছুটি। এই সময়ে মেট্রোরেল চলাচলের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)।

দেশে এবার ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২৮ মে (বৃহস্পতিবার)। মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সরকারি ছুটির অন্য ছয় দিন মেট্রোরেল চালু থাকবে।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, উত্তরা উত্তর থেকে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সাড়ে ৬টায়। মতিঝিল থেকে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।

উত্তরা উত্তর থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ঈদের ছুটির দিনগুলোয় ১২ থেকে ১৫ মিনিট বিরতিতে (হেডওয়ে) মেট্রোরেল চলবে উল্লেখ করে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীচাপ অনুযায়ী ট্রিপসংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।

সরকারি ছুটির সময় সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত একক যাত্রার টিকিট কেনা যাবে বলেও জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা বলেছে, এমআরটি বা র‍্যাপিড পাসে টাকা রিচার্জ করাও যাবে।

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) থাকবে। সেদিন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে বেলা ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল মেট্রোরেল স্টেশনে বেলা ৩টা ৫ মিনিট থেকে একক যাত্রা টিকিট কেনা যাবে। একই সঙ্গে র‍্যাপিড পাস কেনা যাবে।

ছুটির এই সময়ে রাত ৯টা ২০ মিনিটের পর মেট্রোরেলের সব স্টেশনে টিকিট বিক্রি বন্ধ হয়ে যাবে।