
বিএনপি আজ রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে। এর প্রভাব পড়েছে রাজধানীতে। বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। গণপরিবহন চলছে হাতে গোনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
আজ সকাল সাড়ে নয়টার দিকে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, সরকারি সংস্থা বিআরটিসির কিছু বাস চলাচল করছে। অন্যান্য বেসরকারি পরিবহনের বাস চলছে খুবই কম। তবে রিকশা ও সিএনজি অটোরিকশার চলাচল কিছুটা বেশি।
ব্যক্তিগত গাড়ির চলাচল তেমন চোখে পড়েনি। অধিকাংশ দোকানপাট বন্ধ।
পানির ট্যাংকের কাছে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। স্থানীয় কয়েক ব্যক্তিসহ সেখানে থাকা রিকশাচালক ও মোটরসাইকেল চালকেরা জানান, সকাল থেকে বিজয়নগর এলাকায় কোনো সহিংস ঘটনা ঘটেনি।