
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চলাকালে সংঘাতে নিহত চারজনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সন্ধ্যা ছয়টার দিকে তাদের মরদেহ নিয়ে মিছিল করে শাহবাগের দিকে যান আন্দোলনকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ রোববার সন্ধ্যা ছয়টা পর এই চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে নেন আন্দোলনকারীরা। পরে মরদেহগুলো নিয়ে রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহগুলো রাখার পর স্লোগান দেন কয়েক শ আন্দোলনকারী। পরে সন্ধ্যা সোয়া ছয়টর দিকে মরদেহগুলো নিয়ে মিছিল করে শাহবাগের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা।
নিহতদের দুজনের নাম জানা গেছে। একজন রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকী (২৩)। দুপুরে রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। অপরজনের নাম তৌহিদুল। বিকেলে রাজধানীর ফার্মগেটে সংঘর্ষের মধ্যে আহত হয়ে মারা যান তিনি।