২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগী
ফাইল ছবি: প্রথম আলো

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজন মরা গেছেন। দুজনের মৃত্যু হয়েছে ঢাকার দুই হাসপাতালে। এ সময় ১৪ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর পাঁচজনের ডেঙ্গুতে মৃত্যু হলো।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ১৪ রোগীর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৮ জন ও ঢাকার বাইরে ৬ জন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৪৩৮ জন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২০৯ জন, ঢাকার বাইরে ২২৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮০ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩৯ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৪১ জন।

২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৮১ জন মারা যান গত বছর।