টেলিটক ও বাংলালিংকের একই নেটওয়ার্ক ব্যবহারের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়ালের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও অতিথিরা। ১ নভেম্বর, সচিবালয়ে
ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়াল চালুর ঘোষণা দিয়েছে মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান টেলিটক ও বাংলালিংক। এর আওতায় উভয় অপারেটর তাদের অপেক্ষাকৃত কম নেটওয়ার্ক কভারেজের এলাকায় নির্বিঘ্নে একে অপরের নেটওয়ার্ক ব্যবহার করার পরীক্ষামূলক কার্যক্রম চালাবে।

প্রথম পর্যায়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পোস্ট-পেইড ভয়েস এবং খুদে বার্তা (এসএমএস) সেবা পরীক্ষা করা হবে। পরে প্রিপেইড সেবা ও ডেটা (ইন্টারনেট) পরীক্ষা করে দেখা হবে।

বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় রোমিং ফিল্ড ট্রায়ালের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বাংলালিংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এ উদ্যোগ টেলিকম অপারেটরদের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের (ভাগাভাগি) সম্ভাবনার দ্বার খুলে দেবে। এটি উভয় অপারেটরের জন্যই ইতিবাচক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৌশলগত অংশীদারত্বের এই সেবা পরীক্ষামূলক কার্যক্রমের পর বাণিজ্যিকভাবেও চালুর কথা রয়েছে। এর ফলে গ্রাহকেরা দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজের মাধ্যমে ভয়েস, এসএমএস ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এমন সেবা ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাজ্যসহ ২২টি দেশে চালু আছে।

পরীক্ষামূলক কার্যক্রমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ক‌মিশন (বিটিআরসি) সহযোগিতা করছে। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, উদ্যোগটি শিগগির বাণিজ্যিকভাবে চালু হবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান।