
রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নীরব। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর নীরবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন মো. বাবুল নামের এক ব্যক্তি।
বাবুলের ভাষ্য, কোনো একটি যানবাহনের ধাক্কায় নীরব গুরুতর আহত হন। তিনি সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাঁকে তিনি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ভোরে নীরবকে হাসপাতালে নিয়ে আসেন এক ব্যক্তি। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, নীরবের গ্রামের বাড়ি ভোলায় বলে জানা গেছে। তিনি থাকতেন যাত্রাবাড়ীর কাজলায়। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট থানা–পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।