শিল্পী মাহবুবুর রহমানের ‘কোয়ারেন্টিন’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা। গতকাল রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে
শিল্পী মাহবুবুর রহমানের ‘কোয়ারেন্টিন’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা। গতকাল রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে

সঙ্গনিরোধ কালের শিল্পভাষ্য

শিল্পী মাহবুবুর রহমান

ইয়েমেনের বহুতল বাড়িগুলোর ওপরে বিছিয়ে দেওয়া হয়েছে বিশালকায় ঐতিহ্যবাহী আরব চাদর ‘কিফায়া’। কিফায়ার চারপাশে বেরিয়ে আছে বাড়িগুলোর খানিক অংশ। একই রকম একটি কিফায়া পেঁচিয়ে রাখা হয়েছে একটি সামরিক উর্দির ওপরে। কাছে গিয়ে ভালো করে না দেখলে বোঝাই যায় না কিফায়াগুলো ইস্পাতের পাতে গড়া।

ধাতব এই কিফায়া দেখে চমকে গেছেন ধানমন্ডির লিটল ডাকলিন এলিমেন্টারি স্কুলের তিন শিক্ষক—মাইমুনা রশিদ, চাঁদনি বেগম আর সাবরিনা তাহরিম। তাঁরা বলছিলেন, ‘এত নিখুঁতভাবে কীভাবে তৈরি করল? আশ্চর্য তো!’ গতকাল শনিবার বেঙ্গল শিল্পালয়ে শিল্পী মাহবুবুর রহমানের ‘কোয়ারেন্টিন’ নামের শিল্পকলা প্রদর্শনী দেখতে এসে শিল্পীর বিভিন্ন মাধ্যমের হরেক রকমের কাজ দেখে এভাবেই মুগ্ধতার কথা বলছিলেন দর্শকেরা।

কোভিড-১৯ এক অভাবিত সময় নিয়ে এসেছিল পৃথিবীর বুকে। আচমকা এই অতিমারি মানুষকে গৃহবন্দী করেছিল আক্ষরিক অর্থে। মৃত্যু, আতঙ্ক, অনিশ্চয়তা আর বাঁচার মরিয়া চেষ্টায় সঙ্গনিরোধকালের বিচ্ছিন্নতা মানুষের বিপন্নতা তুলেছিল প্রকট করে। বাংলাদেশেও ২০২০ সালের এপ্রিল থেকে ঘোষণা করা হয়েছিল ‘লকডাউন’। তবু জীবন থেমে থাকেনি। শিল্পী মাহবুবুর রহমান সৃজন করেছেন সেই সঙ্গনিরোধকালের এক বহুমাত্রিক শিল্পভাষ্য। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া ‘কোয়ারেন্টিন’ নামের এই প্রদর্শনী আজ বিকেল পাঁচটায় শিল্পীর কথোপকথনের ভেতর দিয়ে শেষ হবে।

বহু মাধ্যমের সমন্বয়ে রচিত এই শিল্প প্রদর্শনীতে প্রথমেই দর্শকেরা দেখবেন বিশ্বজুড়ে পণ্যসংস্কৃতির সম্প্রসারণ। কোমল পানীয়ের বোতলসহ বিভিন্ন ব্যান্ডের পণ্যকে তিনি সিরামিক, এমব্রয়ডারি ও ধাতব ঢালাইয়ে ত্রিমাত্রিকভাবে উপস্থাপন করেছেন। দেয়ালের সারিবদ্ধ ফ্রেমে আছে সঙ্গনিরোধকালে তার পরিবার, পোষা কুকুরের মৃত্যু এসব নিয়ে ‘ম্যাডোনা’ নামের ছাপচিত্রের সিরিজ।

শিল্পী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আইরিশ নারীবাদী কবি ইভানা বোল্যান্ডের ‘কোয়ারেন্টিন’ কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে প্রদর্শনীর নামকরণ। সঙ্গনিরোধকালে ঘুচে গিয়েছিল প্রতিদিনের ব্যস্ততা। সৃজনভাবনায় মগ্ন থাকার জন্য সময়টি উপযোগী ছিল। মানুষের হস্তক্ষেপ বন্ধ থাকায় প্রকৃতি ও জীববৈচিত্র্যে আসে সপ্রাণতা। অনলাইন আর টেলিভিশন ছিল যোগাযোগ ও তথ্য পাওয়ার মাধ্যম। সত্য-মিথ্যা মিলিয়ে নানা তত্ত্ব হাজির হচ্ছিল। সমকালীন ঘটনা, বৈশ্বিক ইতিহাস, সংস্কৃতি নিয়ে তিনি তখন অনুসন্ধান ও ভাবনা শুরু করেন। সেখান থেকে পাওয়া তথ্য, সূত্র, ঘটনার সঙ্গে নিজের শিল্পভাবনাকে মিলিয়ে এই প্রদর্শনী।

প্রদর্শনীতে এসেছে ইয়েমেনে যুদ্ধবিধ্বস্ত ঘরবাড়ি। ‘সময়রেখা’ নামের বিশালকায় তিনটি কাজ আছে হাতে তৈরি নেপালি ‘লোকতা কাগজ’, কাঠখোদাই আর বয়নশিল্পে। তাতে আছে ভারত ভাগ ও কাশ্মীরের সহিংসতা থেকে যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী ও কৃষক আন্দোলন, ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের সিনেট ভবনে ট্রাম্পপন্থীদের হামলা অবধি বৈশ্বিক বহু ঘটনার টুকরা ছবি। বিপুল ও বৃত্তাকার রেশম কাপড়ের ওপর সুচিকর্মে তুলে ধরা হয়েছে গণতন্ত্রকামী বিভিন্ন দেশের মানুষের আন্দোলনের কোলাজ।

সমকাল থেকে ইতিহাসের অনেকটা পেছনে, প্রথম মহাযুদ্ধেরও আগে চলে গেছেন শিল্পী। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিংয়ের পরিবারকে জোরপূর্বক ধর্মান্তর করে লন্ডনে পাঠিয়ে দেওয়া। তাঁদের বংশের রাজা দিলীপ সিংয়ের কন্যা সোফিয়ার নেতৃত্বে ১৯০৩ সালে লন্ডনে নারীদের ভোটাধিকার আন্দোলন। আন্দোলনকারীদের জেলখানায় আটকে রেখে নির্যাতন—ইতিহাসের পাতা থেকে এমন অনেক ঘটনা শিল্পী তুলে এনেছেন। কোনোটি এসেছে রেখাচিত্র বা ছাপাই ছবিতে।

আরেক রকমের কাজ আছে বই নিয়ে। ভারতীয় দণ্ডবিধি ও সাজার বিবরণ সংবলিত একটি বইয়ের পাতায় পাতায় শিল্পী ঘটনার বিবরণ অনুসারে রেখাচিত্র এঁকেছেন। আরেকটি বই আছে ছাপচিত্র দিয়ে। অন্য একটি বই করা হয়েছে এমব্রয়ডারির কাজ দিয়ে। এসব ছাড়াও সূক্ষ্ম নকশাখচিত সোনালি রঙের এক বিরাট আকারের হাতুড়ি আছে। একে-৪৭ রাইফেলের আদলে তৈরি করা হয়েছে ঝাড়বাতি। এমন আরও কিছু তাৎপর্যবহ কাজ আছে প্রদর্শনীতে।

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বললেন, শিল্পী মাহবুবুর রহমানের প্রদর্শনীটি কোভিডকালের সময়ের নান্দনিক ভাবনার শৈল্পিক প্রকাশ।

এই প্রদর্শনী আগামী বছর এপ্রিলে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। শিল্পী মাহবুবুর রহমান জানান, ঢাকার প্রদর্শনী শেষ হলে দিল্লির প্রদর্শনীর প্রস্তুতি শুরু করবেন। এ ছাড়া সামনের বছরটিতে বেশ ব্যস্ততা থাকবে। গত বছর তাঁরা বৃত্ত আর্ট ট্রাস্ট থেকে জার্মানিতে ‘ডকুমেন্টা ফিফটিন’ নামের একটি ১০০ দিনের প্রদর্শনী করেছিলেন। সেই প্রদর্শনীর কাজের সঙ্গে কিছু নতুন কাজ নিয়ে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও সৌদি আরবে আলাদা প্রদর্শনী হবে। প্রদর্শনীতে বাংলাদেশের খাদ্য ও সংস্কৃতিকে তিনি তুলে ধরবেন। তবে আজ সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে সঙ্গনিরোধকালের শিল্পকলার প্রদর্শনীতে এলে বৈচিত্র্যময় শিল্পকলায় চোখ রেখে অর্থপূর্ণ সন্ধ্যা কাটবে দর্শকদের।